বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বমঞ্চের লড়াই এখন এসে ঠেকেছে শেষ বত্রিশে। নকআউট পর্বের শুরুতেই ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপটা অ্যানালিস্টের’ সুপার কম্পিউটারের কিছু অনুমান মিলে গেছে হুবহু। যেমন—প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, মাঠের লড়াইয়ে সেটিই সত্যি হয়েছে।
পথটা এখন আরো পরিষ্কার হওয়ায় সুপার কম্পিউটার এবার হিসাব কষেছে—ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন দুদলের এবং কার হাতে উঠতে পারে এবারের সোনালি ট্রফি।
সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে বড় দাবিদার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
নকআউট পর্বের অন্য ধাপগুলো পার হওয়ার ক্ষেত্রে লিওনেল মেসির আর্জেন্টিনা সবার চেয়ে এগিয়ে। রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা শেষ ষোলোর পথে সবচেয়ে ‘নিরাপদ’ অবস্থানে রয়েছে, যেখানে তাদের জয়ের সম্ভাবনা ৮৯.২%। শুধু তা-ই নয়, কোয়ার্টার ফাইনাল (৭০.৫%), সেমিফাইনাল (৪৯.৬%) এবং ফাইনালে ওঠার সম্ভাবনার (৩০%) দিক থেকেও সবার ওপরে রয়েছে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে ফরাসিদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫%। এছাড়া তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩%, সেমিফাইনালে ৪২.৭% এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪%।
ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা ফ্রান্সের চেয়ে কিছুটা ভারী হলেও, ট্রফি ছোঁয়ার চূড়ান্ত মুহূর্তে এসে সমীকরণ বদলে যাচ্ছে। সুপার কম্পিউটার বলছে, ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ফ্রান্সের সবচেয়ে বেশি—১৮.৭%, যা টুর্নামেন্টের সব দলের মধ্যে সর্বোচ্চ।
আর্জেন্টিনা ও ফ্রান্সের পরেই তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩.৫%। হ্যারি কেইনের ইংল্যান্ড ৯.৭% সম্ভাবনা নিয়ে আছে চতুর্থ স্থানে। আর নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল কিছুটা পিছিয়ে থেকে ৬.৫% সম্ভাবনা নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।
পরিসংখ্যানের এই খাতা-কলমের হিসাব যা-ই বলুক না কেন, ফুটবলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অনিশ্চয়তায়। স্বাগতিক যুক্তরাষ্ট্র কিংবা গত আসরের চমক মরক্কো যেকোনো মুহূর্তে পুরো সমীকরণ উল্টে দিতে পারে। কারণ ফুটবল মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে যেকোনো কিছুই ঘটা সম্ভব!