বিশ্বকাপের নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে এক ভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। প্রতিপক্ষের শক্তির পাশাপাশি তাদের ভাবাচ্ছে ম্যাচের ভেন্যুও। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উঁচুতে অবস্থিত মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় খেলতে হবে হ্যারি কেইনদের। আর এই উচ্চতাজনিত শারীরিক সমস্যার মোকাবিলায় প্রয়োজন হলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি পেয়েছে ইংলিশ দল।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানিয়েছে, উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা থেকে খেলোয়াড়দের শারীরিক চাপ কমাতে সিলডেনাফিল-সমৃদ্ধ ওষুধ ব্যবহারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এতে কোনো আপত্তি জানায়নি।
অনেকের কাছে ভায়াগ্রার নাম শুনে বিষয়টি বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা। ভায়াগ্রার মূল উপাদান সিলডেনাফিল বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় নেই। চিকিৎসকদের মতে, এটি ফুসফুসের রক্তনালী শিথিল করতে সাহায্য করে, ফলে উচ্চতায় শরীরে অক্সিজেনের সরবরাহ তুলনামূলকভাবে সহজ হয় এবং শারীরিক পরিশ্রমের সময় শ্বাসকষ্ট বা ক্লান্তির প্রভাব কমতে পারে।
এই কারণেই উচ্চতাজনিত প্রতিকূল পরিবেশে ফুটবলারদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে এটি একটি সম্ভাব্য সহায়ক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ, এটি কোনো পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ ওষুধ নয়; বরং বিশেষ পরিবেশে শারীরিক অভিযোজনের সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মেক্সিকো অবশ্য এই ধরনের পরিবেশে খেলতে অভ্যস্ত। নিজেদের মাঠ এবং উচ্চতার সুবিধা তাদের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে। বিপরীতে, পর্যাপ্ত সময় ধরে অনুশীলনের সুযোগ না পাওয়ায় টমাস টুখেলের দলকে অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে।
তবে ইংল্যান্ডের উদ্বেগ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। মেক্সিকো সিটিতে দলের হোটেলের অবস্থান প্রকাশ্ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম নষ্ট করতে স্থানীয় সমর্থকদের সম্ভাব্য তৎপরতার বিষয়েও সতর্ক রয়েছে ইংলিশ শিবির।
এ নিয়ে রসিকতাও করেছেন প্রধান কোচ টমাস টুখেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘আমরা কানের প্লাগ ব্যবহার করব।’ ইঙ্গিত ছিল, গভীর রাতেও যদি সমর্থকদের উচ্ছ্বাসে ঘুমের ব্যাঘাত ঘটে, তার জন্যও প্রস্তুত রয়েছে তার দল।
বিশ্বকাপের শেষ ষোলোর এই লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডকে তাই লড়তে হবে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয়, বরং প্রকৃতির এক কঠিন পরীক্ষার সঙ্গেও।