হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

পাসে সেরা স্পেন, ফিনিশিংয়ে ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার

স্পেনের কাছে বেলজিয়ামের হারের পর নিশ্চিত হয়ে গেছে এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর সেমিফাইনাল লাইনআপ। শেষ চারে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দুই পরাশক্তি—ফ্রান্স ও স্পেন। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেই দিয়েছেন, এই ম্যাচে যে জিতবে, বিশ্বকাপ যাবে তার কাছেই। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালের আগে ফাইনালে। তবে মাঠের লড়াই শুরুর আগে পরিসংখ্যানে কোন দল এগিয়ে?
ফিফার তথ্য অনুযায়ী, পাস আদান-প্রদানের দিক থেকে স্পেনের রাজত্ব স্পষ্ট। প্রথম ছয় ম্যাচে স্প্যানিশরা মোট ৪ হাজার ৭৫টি পাস দিয়েছে, যার অর্থ প্রতি ম্যাচে তাদের গড় পাস ৬৭৯ দশমিক ২টি। অন্যদিকে ফ্রান্সের প্রতি ম্যাচের গড় পাস ৫৬১ দশমিক ৫টি। অর্থাৎ ফ্রান্সের চেয়ে ২১ শতাংশ বেশি পাস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন। পাস সফলতার হারেও স্পেন (৯১ শতাংশ) সামান্য ব্যবধানে ফ্রান্সের (৯০ শতাংশ) চেয়ে এগিয়ে।
তবে বল পজিশনে স্পেন এগিয়ে থাকলেও, আক্রমণের কার্যকারিতা ও ফিনিশিংয়ে সেরা দিদিয়ের দেশমের ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুদলই সমান ১১০টি করে শট নিয়েছে। কিন্তু ফ্রান্সের ৪৭টি শট লক্ষ্যে ছিল, যার মধ্যে ১৬টিই গোলে পরিণত হয়েছে। বিপরীতে, স্পেনের ৪০টি শট লক্ষ্যে ছিল এবং তারা গোল করতে পেরেছে ১১টি।
আক্রমণের কৌশলে স্পেন মূলত ক্রসের ওপর বেশি নির্ভর করে। প্রতি ম্যাচে তারা গড়ে ২৪.৩টি ক্রস করে, যেখানে ফ্রান্সের ক্রসের গড় ১৬.৫টি। শৃঙ্খলার দিক থেকেও ফরাসিরা কিছুটা এগিয়ে। ফ্রান্স এখন পর্যন্ত ৫৯টি ফাউল ও ৪টি হলুদ কার্ড পেয়েছে, যেখানে স্পেনের ফাউল ৬৮টি ও হলুদ কার্ড ৫টি। অবশ্য সেমিফাইনালের আগে কার্ডের হিসাব মুছে যাওয়ায় কোনো খেলোয়াড়ই নিষেধাজ্ঞায় পড়ছেন না।
মনস্তাত্ত্বিক দিক থেকে দুই বছর আগের ইউরো সেমিফাইনালের স্মৃতি স্পেনকে আত্মবিশ্বাস দেবে, যেখানে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল লামিন ইয়ামালরা। সব মিলিয়ে, স্পেনের পাসিং ফুটবলের বিপক্ষে ফ্রান্সের নিখুঁত ফিনিশিংয়ের এই মহালড়াইয়ে মাঠের কৌশলে যে দল স্নায়ু ধরে রাখতে পারবে, তারাই কাটবে ফাইনালের টিকিট।

ফ্রান্সকে আটকাতে পারে কেবল স্পেন, তবে জিতবে…

কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে

ইংল্যান্ডের বিপক্ষে ‘সৌভাগ্যের’ নীল জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা

বিদ্যুৎ গতির এমবাপ্পে, নাকি জাদুকর ইয়ামাল

শেষ চারের ‘সেরা মাস্টার’

আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ৯ কার্ড দেখানো রেফারি

ফ্রান্সের সামনে স্পেনের নীরব ঢাল কুবার্সি

টিভির পর্দায় ফ্রান্স-স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রোমাঞ্চ

কেন অল ব্লু জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে আটকাতে ‘কেইন-বেলিংহাম’ ফর্মুলা ইংল্যান্ডের