২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় মাঠে নামছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। ম্যাচটি হবে সিটলের লুমেন ফিল্ডে। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান অর্জন করেছিল মরিসিও পচেত্তিনোর যুক্তরাষ্ট্র। এরপর রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে তারা শেষ ১৬ নিশ্চিত করে।
অন্যদিকে বেলজিয়াম পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষে থেকে নকআউট পর্বে পা রাখে। তবে রাউন্ড অব ৩২-এ সেনেগালের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল রূপকথার মতো। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও রোমেলু লুকাকু ও ইউরি তিলেমানসের শেষ মুহূর্তের গোলে ২-২ সমতায় ফেরে রুডি গার্সিয়ার দল। এরপর অতিরিক্ত সময়ের ১২০ মিনিটে তিলেমানসের পেনাল্টি গোলে ৩-২ ব্যবধানে এক নাটকীয় জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।
পরিসংখ্যানের দিক থেকে এ ম্যাচে বেলজিয়াম স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকবে। দুদলের বিগত সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের একমাত্র জয়টি এসেছিল ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে। অতিসম্প্রতি ২০২৬ সালের মার্চ মাসে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুদল, যেখানে যুক্তরাষ্ট্রকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল বেলজিয়াম।
১৯৩০ বিশ্বকাপে তৃতীয় হওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে তারা ২০১০, ২০১৪ এবং ২০২২ সালের বিশ্বকাপে এই শেষ ১৬-এর ধাপ থেকেই বিদায় নিয়েছে। বিপরীতে বেলজিয়াম ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হলেও চার বছর আগে কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ধাক্কা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন রিকার্ডো পেপি। ৪১ ম্যাচে তার গোল রয়েছে ১৩টি।
এছাড়া পায়ের ইনজুরির কারণে মার্ক ম্যাকেঞ্জি এবং পেশির চোটে ক্রিস্টিয়ান রোল্ডানের খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে ক্রিস্টিয়ান পুলিসিক, সার্জিনো ডেস্ট ও টাইলার অ্যাডামসের মতো তারকাদের নিয়েই মূল একাদশ সাজাবেন পচেত্তিনো। বেলজিয়ামের রক্ষণভাগের ২২ বছর বয়সি খেলোয়াড় জেনো ডেবাস্ট লেগ ইনজুরির কারণে এখনো মাঠের বাইরে। তবে লিয়েন্দ্রো ট্রোসার্ড সম্পূর্ণ ফিট রয়েছেন।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, চলতি বিশ্বকাপে দুই গোল করা ৩৩ বছর বয়সি অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে হয়তো শুরু থেকে মাঠে দেখা যাবে না। প্রথমার্ধে তাকে বেঞ্চে রেখে দ্বিতীয়ার্ধে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নামানোর পরিকল্পনা করছেন কোচ রুডি গার্সিয়া। আক্রমণভাগের মূল দায়িত্বে থাকছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু।
লুমেন ফিল্ডের ঘরের মাঠ এবং দর্শকদের বিপুল সমর্থন যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। তবে বেলজিয়ামের অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধার যেকোনো রক্ষণভাগ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে; তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নির্ধারিত ৯০ মিনিটেই যুক্তরাষ্ট্র ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে।
এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল অথবা স্পেনের।