হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন কেপ ভার্দের

স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সামনে লিওনেল মেসি। কাগজ-কলমে সব হিসাবই তাদের বিপক্ষে। কিন্তু সেই পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির বিশ্বাস, ফুটবলের আসল গল্প লেখা হয় মাঠে, সংখ্যার খাতায় নয়।

বিশ্বকাপের অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ সমতা এবং শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি গোলশূন্য ড্র করে রানার্সআপ হিসেবে জায়গা করে নেয় নকআউট পর্বে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে শেষ বত্রিশে ওঠা কেপ ভার্দের সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ভয় নয়, নিজেদের সামর্থ্যেই বিশ্বাস রাখছেন দলটির সহকারী কোচ উমবেহতো বেতোঁকু। তার মতে, পরিসংখ্যান কখনোই ম্যাচের ফল নির্ধারণ করে না।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল যেমন দেখিয়েছে, তা প্রমাণ করে যে মাঠের ভেতরে কী ঘটছে সেটাই আসল। আগে আমাদের সম্ভাবনা এক শতাংশ বলা হয়েছিল, এখন চার শতাংশ বলা হলেও সেটি আমাদের কাছে গুরুত্বহীন। আমরা অনেক বেশি মনোযোগী আমাদের লক্ষ্যের দিকে। আর সর্বোপরি সেটা কঠোর পরিশ্রমী দলটাকে দিয়ে ফুটিয়ে তুলতে চাই।’

বেতোঁকু আরও জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েও নিজেদের খেলার ধরন বদলাবে না কেপ ভার্দে। এমনকি লিওনেল মেসিকে আলাদাভাবে পাহারা দেওয়ারও কোনো পরিকল্পনা নেই তাদের, ‘আমরা মেসিকে এমন একজন খেলোয়াড় মনে করি, যিনি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে আমরা সবসময় প্রতিপক্ষের দলগত পারফরম্যান্সের দিকেই নজর দেই। তারা কী ধরনের সমন্বয় তৈরি করতে পারে বা মেসির জন্য তারা কেমন ফাঁকা জায়গা বের করার চেষ্টা করতে পারে, সেটাই আমাদের ভাবনার বিষয়।’

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। যেখানে ইতিহাস, পরিসংখ্যান আর বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে নতুন এক রূপকথা লিখতে চাইছে আফ্রিকার ছোট্ট এই দেশটি।

লিওনেল এমপাসি, কঙ্গোর এক বীরত্বগাথা

৮৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

আরেকটি মেসিনামা নাকি রূপকথার নতুন অধ্যায়?

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

পর্তুগালকে টপকানো কলম্বিয়ার সামনে ঘানার চ্যালেঞ্জ

ক্যানসারে আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার হৃদয়ের পাশে বিসিবি

জোতার স্মৃতিতে আবেগঘন রোনালদো, প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

বালোগানের লাল কার্ডে বিতর্কের ঝড়