কিলিয়ান এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। আরেকটি ফাইনাল মঞ্চে ওঠার আগে ফরাসিদের এখন পার হতে হবে মরক্কো-বাধা। দিনের অন্য ম্যাচে আজেদিন ওনাহির জোড়া ও সুফিয়ান রাহিমির গোলে কানাডাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মরক্কো।
তবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচটি শুধু জয়-পরাজয়েই সীমাবদ্ধ ছিল না, ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করেছে একঝাঁক নতুন রেকর্ডেও। চলুন দেখে নেওয়া যাক ম্যাচের সেই ঐতিহাসিক কীর্তিগুলো।
১৫০
ম্যাচে এমবাপ্পের করা জয়সূচক পেনাল্টি গোলটি ছিল বিশ্বকাপে ফ্রান্সের ১৫০তম গোল। ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর চতুর্থ দেশ হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখাল ফরাসিরা।
৫
বিশ্বমঞ্চে নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পেল ফ্রান্স।
৭
দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কীর্তি ছিল কেবল লিওনেল মেসির। প্যারাগুয়ের বিপক্ষে গোল করে মেসির সেই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে।
১১
বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১১। তিনি ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে (আট গোল) ছাড়িয়ে গেছেন তিন গোলের ব্যবধানে।
১৯
বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৯। সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা লিওনেল মেসির (২০ গোল) চেয়ে তিনি মাত্র এক গোলে পিছিয়ে আছেন।
৩
তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি বা তার বেশি গোল করা ইতিহাসের একমাত্র খেলোয়াড় এখন এমবাপ্পে। এর আগে দুটি ভিন্ন বিশ্বকাপে এ কীর্তি গড়েছিলেন রোনালদো (১৯৯৮ ও ২০০২), গ্যারি লিনেকার (১৯৮৬ ও ১৯৯০) এবং ভাভা (১৯৫৮ ও ১৯৬২)।
৭
বিশ্বকাপ ইতিহাসে সপ্তমবারের মতো দলের জয়সূচক গোল করলেন এমবাপ্পে। এ তালিকায় তিনি এখন পোলিশ কিংবদন্তি গ্রজেগর্জ লাতোর সঙ্গে যৌথভাবে শীর্ষে।
১০
ফ্রান্সের ডাগআউটে বসে কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের নকআউট পর্বে ১০ ম্যাচে জয় উদযাপনের রেকর্ড গড়েছেন, যা এ প্রতিযোগিতার ইতিহাসে যেকোনো কোচের জন্য সর্বোচ্চ।
৯৯
পুরো ম্যাচে প্যারাগুয়ে মাত্র ৯৯টি পাস দিতে পেরেছে। বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে যেকোনো দলের জন্য এটিই সর্বনিম্ন পাসের রেকর্ড।
৫৪
ম্যাচে প্যারাগুয়ে মোট ১৮৩ পাসের চেষ্টা করে মাত্র ৫৪ শতাংশ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছে। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে এটিই সর্বনিম্ন পাসিং অ্যাকুরেসির রেকর্ড।