হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসিকে চিঠি লিখে বিশ্বকাপের টিকিট পেল আট বছরের মানু

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির প্রতি ভালোবাসা এবং একটি আবেগঘন চিঠি কীভাবে আট বছরের এক শিশুর জীবন বদলে দিতে পারে, তার এক অনন্য দৃষ্টান্ত হলো মানু লিতভি। আর্জেন্টিনার ক্লাব ‘আর্জেন্টিনোস জুনিয়র্স’-এর বয়সভিত্তিক দলের এই খুদে ফুটবলার তার সহজ-সরল ও জাদুকরি কথার মাধ্যমে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই আলোড়ন তোলেনি, অর্জন করেছে সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখার দুর্দান্ত এক সুযোগও।

ঘটনাটির সূত্রপাত আর্জেন্টিনার জনপ্রিয় লাইভ স্ট্রিমিং চ্যানেল ‘ওলগা’র ‘সেরিয়া ইনক্রেইবল শোতে। সেখানে মানু আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির জন্মদিনে তার উদ্দেশে লেখা একটি চিঠি পড়ে শোনায়। চিঠিতে সে বলে, ‘প্রিয় লিও, যখন আমি তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা পুরোপুরি এক জাদুকরি ব্যাপার!’ তবে শুধু ফুটবলীয় দক্ষতা নয়, মেসির মানবিক গুণাবলিও ফুটে ওঠে তার কথায়। সে বলে, ‘তোমার খেলার চেয়েও তোমার ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল ছেড়ে দাও না।’

ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলার পর চমকটি আসে মেসির স্পনসর ও বাণিজ্যিক অংশীদার আর্জেন্টিনার এক নামি ব্র্যান্ডের পক্ষ থেকে। অনুষ্ঠানের উপস্থাপক পলা চাভেস মানুকে একটি পাল্টা চিঠি পড়ে শোনান। যেখানে বলা হয়, ‘আজ থেকে তুমি আর একা একা স্বপ্ন দেখবে না। আমাদের পুরো দলের পক্ষ থেকে আজই তোমাকে ও তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

এই আমন্ত্রণের কল্যাণে মানু সপরিবারে যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর সে ম্যাচের গ্যালারিতে উপস্থিত থেকে নিজের সবচেয়ে বড় আদর্শকে সরাসরি দেখার স্বপ্ন পূরণ হবে মানুর।

ভবিষ্যতে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা মানুর কাছে মেসি হলেন বাধাবিপত্তি পেরিয়ে জয়ী হওয়ার এক জীবন্ত অনুপ্রেরণা। একটি শিশুর নিষ্ঠা ও উদ্দীপনাকে পুরস্কৃত করার এই উদ্যোগ যেন প্রমাণ করলÑস্বপ্ন যত কঠিনই হোক না কেন, তা সত্যি করা সম্ভব।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর বাবা হারালেন কঙ্গো কোচ

ইংল্যান্ডের জয়ের মূলমন্ত্র ধৈর্য আর বিশ্বাস

গর্ডনের চোখে মেসির পর কেইনই সেরা

শেষ ১৬-এর টিকিটের লড়াইয়ে সুইজারল্যান্ড ও আলজেরিয়া

রোনালদো না মদ্রিচ, শেষ নাচ কার

কঙ্গোর ‘শুরুর স্বপ্ন’ কেইনের পায়ে সলিল সমাধি

বিশ্বমঞ্চে আলো ছড়ানো সাইবারিকে লুফে নিল বায়ার্ন

গ্রেটেস্ট ‘গোলকিপার শো’ অন দ্য আর্থ

ইউরো চ্যাম্পিয়নের সামনে অস্ট্রিয়ার অগ্নিপরীক্ষা

পেলেকে পেছনে ফেলে নতুন মাইলফলকে কেইন