হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

শেষ ৩২-এর ঐতিহাসিক লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা

২০২৬ ফিফা বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। আজ বাংলাদেশ সময় আজ রাত ১টায় ক্যালিফোর্নিয়ার ইংলেউডের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে শেষ ১৬-তে ওঠার লক্ষ্যে মাঠে নামবে দুদল। বৈশ্বিক ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে এটিই এই দুদলের প্রথম আনুষ্ঠানিক লড়াই।


টুর্নামেন্টের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও কানাডা—দুদলের পথচলাই ছিল প্রায় একই রকম। নিজ নিজ গ্রুপে ১টি জয়, ১টি ড্র এবং ১টি হারের স্বাদ নিয়ে সমান ৪ পয়েন্ট করে অর্জন করে তারা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। মাঠের লড়াইয়ে আজ যে দলই জিতবে, তারা আগামী ৪ জুলাই হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।


ম্যাচটিতে মূলত কানাডার আক্রমণভাগের সঙ্গে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। কোচ হেসে মার্শের অধীনে ৪-৪-২ ফরমেশনে খেলছে কানাডা। গ্রুপ পর্বে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের বিধ্বংসী আক্রমণের প্রমাণ দিয়েছে। দলের প্রধান ভরসা তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিড, যিনি গ্রুপ পর্বে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ ৩টি গোল করেছেন।

অন্যদিকে, কোচ হুগো ব্রুসের ৪-২-৩-১ ফরম্যাটের দক্ষিণ আফ্রিকা দলগত বোঝাপড়া এবং রক্ষণাত্মক স্থিতিশীলতার জন্য পরিচিত। শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে তারা নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা প্রমাণ করেছে।


এই হাইভোল্টেজ ম্যাচের আগে দুই শিবিরেই রয়েছে কিছু পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় স্বস্তি হয়ে ফিরছেন মিডফিল্ডের মূল শক্তি তেবোহো মোকোয়েনা, যিনি নিষেধাজ্ঞা কাটিয়ে দলে যোগ দিচ্ছেন। তবে কার্ড সমস্যার কারণে দলের অন্যতম সেরা অভিজ্ঞ খেলোয়াড় থেম্বা জোয়ানে এই ম্যাচে খেলতে পারছেন না, যা দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা হতে পারে।


ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, এর আগে ২০০৭ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই দুদল মুখোমুখি হয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে জয় পেলেও দীর্ঘ ১৯ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের আবহ সম্পূর্ণ ভিন্ন।

ফিফা র‍্যাংকিং এবং সাম্প্রতিক স্কোয়াড বিবেচনায় কানাডাকে কিছুটা এগিয়ে রাখা হলেও, নকআউট পর্বের যেকোনো অঘটন ঘটিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত দক্ষিণ আফ্রিকাও। একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

৫২ বছরের অপেক্ষা ফুরালো কঙ্গোর

এক ফ্রি-কিকেই মেসির ‘রেকর্ড-বৃষ্টি’

কেপ ভার্দে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে: স্কালোনি

‘তারা যেন এক অর্থে আর্জেন্টাইন’

ছোট দলের বড় চমক, বিশ্বকাপের নতুন সমীকরণ

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় ইরানের

মেসি-ম্যাজিকে অপরাজেয় আর্জেন্টিনা

নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন উচ্চতায় মেসি

সীমান্ত পেরোনো ক্লান্তির গল্পে ‘অফসাইড দুঃখ’