জমকালো উদ্বোধনে বিশ্বকাপের পর্দা ওঠার আগে থেকেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে নানা সমীকরণ আর চুলচেরা বিশ্লেষণ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ট্রফিটা শেষ পর্যন্ত কারা উঁচিয়ে ধরবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক, সবারই রয়েছে নিজস্ব মতামত। তবে মাঠ কাঁপানো সাবেক ফুটবল কিংবদন্তিরা যখন কোনো ভবিষ্যদ্বাণী করেন, তখন তাতে যোগ হয় ভিন্ন এক মাত্রা। সম্প্রতি গ্যারি লিনেকার, রোমারিও, ডেভিড বেকহাম ও থিয়েরি অঁরির মতো তারকারা মুখ খুলেছেন তাদের পছন্দের দল নিয়ে।
কিংবদন্তিদের সিংহভাগের চোখ এবার ইউরোপের দুই পরাশক্তি—ফ্রান্স ও স্পেনের দিকে। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে স্পেনের ওপর বড় বাজি ধরছেন। পিকের মতে, এবারের ফাইনাল হবে স্পেন ও ফ্রান্সের মধ্যে, যেখানে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবেন। অন্যদিকে ফ্রান্সের স্কোয়াডের গভীরতার কারণে থিয়েরি অঁরি ও অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার বাইরে ফরাসিদেরই ট্রফির সবচেয়ে বড় দাবিদার মনে করছেন।
পর্তুগালকে নিয়েও এবার জোর গুঞ্জন। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান পর্তুগাল দলের মধ্যে ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনার ছায়া দেখছেন। তিনি বলেন, ‘গতবার আর্জেন্টিনা দল যেমন ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্য খেলেছিল, এবার হয়তো মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল ঠিক তেমনটাই করবে।’ রবার্তো মার্টিনেজের অধীনে ভিতিনহা ও জোয়াও নেভেসদের মতো তারকাদের নিয়ে পর্তুগাল এবার শিরোপা ছিনিয়ে নিতে পারে বলে মনে করছেন লিনেকার ও ডি মারিয়াও।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে সাবেক ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছেন যে, ট্রফি এবারও আর্জেন্টিনার ঘরেই যাচ্ছে। বেকহাম এবং লিনেকারও ফেভারিটের তালিকায় রেখেছেন আলবিসেলেস্তেদের।
তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা অকপটে স্বীকার করেন, ‘ব্রাজিল দলটা এখন খুব একটা গোছানো অবস্থায় নেই। কাজটা খুব কঠিন হবে।’ তার মতে, শক্তির বিচারে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও জার্মানি বর্তমান ব্রাজিলের চেয়ে এগিয়ে। স্প্যানিশ তারকা পিকেও মনে করেন, ব্রাজিল এবার তাদের সমর্থকদের হতাশ করতে পারে।
তবে চমক দেখাতে পারে ডার্ক হর্সরা। প্রতিটি বিশ্বকাপেই কিছু দল সবাইকে চমকে দিয়ে রূপকথার জন্ম দেয়। কিংবদন্তিদের চোখে এবার তেমন কিছু দলের নাম উঠে এসেছে। ডেভিড বেকহামের মতে, ব্লু সামুরাইখ্যাত জাপান এবার বড় কোনো অঘটন ঘটাতে পারে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও চমক দেখাবে বলে বিশ্বাস পিকে ও অঁরির। অঁরি বিশেষভাবে নরওয়ের কথা উল্লেখ করেছেন, যারা ইতালিকে হারিয়ে বাছাইপর্বে দারুণ পারফর্ম করেছে। অন্যদিকে ফন ডার সার তার নিজের দেশ নেদারল্যান্ডসকে এবারের টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ মনে করছেন।
দলগত লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন কিংবদন্তিরা। ফন ডার সারের মতে, ইংল্যান্ডের হ্যারি কেইন জিতবেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ এবং জার্মানির ম্যানুয়েল নয়ার পাবেন সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভস’। তবে পিকের বাজি কিলিয়ান এমবাপ্পের ওপর; তার মতে এমবাপ্পেই হবেন এবারের সর্বোচ্চ গোলদাতা। এছাড়া মেক্সিকোর আরমান্ডো গঞ্জালেজকে উদীয়মান তরুণ তারকা হিসেবে দেখছেন পিকে।
কিংবদন্তিদের নানা মুনির নানা মত হলেও একটি বিষয়ে সবাই একমত—এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। একদিকে ফ্রান্স-স্পেনের তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ, অন্যদিকে মেসি-রোনালদো পরবর্তী যুগে আর্জেন্টিনা ও পর্তুগালের নতুন সমীকরণ; সব মিলিয়ে ফুটবলবিশ্ব একটি রোমাঞ্চকর মহাযুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে।