হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপে সুযোগ পেয়ে গ্রামবাসীকে খাওয়াচ্ছেন পিৎজা

শিকড় ভোলেননি ল্যাক্রোঁ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার আনন্দটা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোঁ। শৈশবের স্মৃতি আর শিকড়ের টানে নিজের গ্রামের মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনব এক উপায়ে। বিশ্বকাপে ফ্রান্সের দলে জায়গা পাওয়ার পর পুরো গ্রামবাসীকে পিৎজা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ছোট্ট গ্রাম ‘আজাত’-এ কেটেছে ল্যাক্রোঁর শৈশবের অনেকটা সময়। মাত্র কয়েকশ বাসিন্দার এই গ্রামেই দাদা-দাদির কাছে বড় হয়েছেন। পরে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে খুব অল্প বয়সেই গ্রাম ছেড়ে দূরের এক ফুটবল একাডেমিতে চলে যান। তবে তারকাখ্যাতি আর ব্যস্ত জীবনের মাঝেও শৈশবের সেই চেনা গ্রাম আর মানুষগুলোকে ভুলে যাননি এই ফরাসি ডিফেন্ডার।

ফ্রান্সের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর ল্যাক্রোঁ সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বকাপে ফ্রান্সের প্রতিটি ম্যাচের দিন গ্রামের সব বাসিন্দার জন্য পিৎজার ব্যবস্থা করবেন। এই অভিনব ভাবনার বিষয়টি ল্যাক্রোঁ স্থানীয় মেয়রকেও আগেভাগে জানিয়ে রেখেছেন।

ল্যাক্রোঁর এমন ভালোবাসায় আপ্লুত ও উচ্ছ্বসিত আজাত গ্রামের বাসিন্দারা। প্রিয় ফুটবলারের এই উদ্যোগকে বরণ করে নিতে তারা বিশেষ প্রস্তুতি নিয়েছেন। গ্রামের টাউন হলে বড় পর্দা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা, যাতে সবাই একসঙ্গে বসে ল্যাক্রোঁর পিৎজা খেতে খেতে ফ্রান্সের ম্যাচ উপভোগ করতে পারেন। নিজেদের গ্রামের একজন ছেলে আজ বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন—এই গর্বই এখন গ্রামবাসীদের সবচেয়ে বড় আনন্দ।

ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলার পর ২০২০ সালে জার্মানির উলফসবুর্গে যোগ দিয়েছিলেন ল্যাক্রোঁ। এরপর ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে নাম লেখান তিনি। ক্লাব ফুটবলে ধারাবাহিক ও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার প্রথমবারের মতো ফ্রান্সের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও সাইডলাইন থেকে দলের জয় উদযাপনে শামিল ছিলেন ল্যাক্রোঁ। তবে আজাতের মানুষের এখন একটাই প্রতীক্ষা—কখন তাদের ঘরের ছেলে ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপের মূল মঞ্চে বল পায়ে নামবেন।

‘মেসিই ইতিহাসের সেরা’

মেসির বাবা অসুস্থ, বিবৃতি দিল পরিবার

বিশ্বকাপের উন্মাদনায় মাততে পানামাবাসী কাটালেন বিশেষ ছুটি

সরকারি খরচে হাজারো সমর্থক এখন ভ্যাঙ্কুভারে

দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত

তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে

ফিক্সিং তদন্তে জার্মানির বিপক্ষে খেলতে পারছেন না ওয়াহি

মেক্সিকো-কোরিয়া মুখোমুখি কাল সকালে

প্রথম জয়ের খোঁজে কানাডা-কাতার

রোনালদোকে কেন তুলে নেওয়ার কথা ভাবেননি কোচ?