হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মিসর ম্যাচে তিন পরিবর্তন আর্জেন্টিনা একাদশে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কঠিন এই নকআউট লড়াইয়ের আগে শুরুর একাদশে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছেÑরক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে একটি করে পরিবর্তন আসতে পারে।

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর ঝড়ের কারণে আর্জেন্টিনার অনুশীলন বাতিল হয়ে যায়। ফলে পুরো মনোযোগ এখন মিসরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে। সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণভাগে। লিওনেল মেসির পাশে শুরু করবেন লাউতারো মার্তিনেজ, নাকি ফিরবেন হুলিয়ান আলভারেজ—এ নিয়েই চলছে আলোচনা। কোচিং স্টাফের প্রাথমিক পরিকল্পনা ছিল নকআউট পর্ব থেকেই আলভারেজকে প্রথম একাদশে ফেরানো। তবে বিশ্বকাপের আগে বাঁ গোড়ালিতে চোট পাওয়ায় এখনো শতভাগ ফিট নন তিনি।

এ কারণেই কেপ ভার্দের বিপক্ষে শুরু করেছিলেন লাউতারো মার্তিনেজ। তবে শক্ত রক্ষণভাগের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যদিও মেসির সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে গোলের সুযোগ তৈরি করেছিলেন; কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া দুর্দান্ত সেভ করে সে প্রচেষ্টা ব্যর্থ করে দেন। দ্বিতীয়ার্ধে আলভারেজকে মাঠে নামান স্কালোনি। তিনি কিছুটা গতিময়তা আনলেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেননি। ফলে মিসরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে দুজনের একজনকে দেখা যাবে।

রক্ষণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনা প্রথম দুই ম্যাচে ভালো খেললেও কেপ ভার্দের বিপক্ষে ক্র্যাম্পে ভুগেছিলেন। তাই অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকোকে আবারও প্রথম একাদশে দেখা যেতে পারে। অবশ্য ম্যাচের আগে মেদিনার শারীরিক অবস্থাও বিবেচনায় রাখা হবে। মাঝমাঠেও নতুন ভাবনা রয়েছে স্কালোনির। লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস গনজালেজ—এ দুজনের একজন সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন থিয়াগো আলমাদা।

পারেদেস খেললে তিনি ডিপ লায়িং মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার নিজের স্বাভাবিক ভূমিকায় খেলতে পারবেন। অন্যদিকে গনজালেজ সুযোগ পেলে ফরমেশনে বড় পরিবর্তন না এলেও আক্রমণে বাড়বে গতি ও সরাসরি আক্রমণের প্রবণতা।

তবে স্কালোনি শেষ মুহূর্তে চমক দেখাতেও পারদর্শী। আলোচনার বাইরে থাকা কোনো ফুটবলারও জায়গা পেতে পারেন শুরুর একাদশে। তবুও কেপ ভার্দের বিপক্ষে খেলানো দলটিকেই তিনি বর্তমানে নিজের মূল কাঠামো হিসেবে বিবেচনা করছেন। তাই পরিবর্তন এলেও তা খুব বেশি নয়—সর্বোচ্চ তিনটি, আর সেগুলোও মূলত কৌশলগত কারণেই হতে পারে।

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপের শেষ ষোলোতেই টিকিটের বাজারে বড় ধস

মরক্কোর লক্ষ্য বহুদূর, জানালেন কোচ

আজতেকায় শেষ আটে ওঠার মহারণে মেক্সিকো-ইংল্যান্ড

ধৈর্য ধরেছে ফ্রান্স, আমি হলে চারটি লাল কার্ড পেতাম: ইব্রাহিমোভিচ

ব্রাজিলকে ভয় নয়, চ্যালেঞ্জ হিসেবেই দেখছে নরওয়ে

কেপ ভার্দে : রূপকথায় শুরু মহাকাব্যে সমাপ্তি

রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, প্যারাগুয়ের 'ডার্ক আর্টস' সামলাতে পারেননি তান্তাশেভ

ব্রাজিলের শৈল্পিক সাম্বা, নাকি নরওয়ের রুদ্র তাণ্ডব

এমবাপ্পের ‘নো হ্যান্ডশেক’, ক্ষোভে বল ছুড়ে মারলেন অরল্যান্ডো