এবারের বিশ্বকাপে ৩৯ বছর বয়সে এসেও যেন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আসরে এখন পর্যন্ত ৮ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন। বয়সের কোঠা প্রায় ৪০ ছুঁইছুঁই হলেও তার পারফরম্যান্সে বিন্দুমাত্র ভাটা পড়েনি, যা দেখে বিস্মিত ফুটবলবিশ্ব। আর মেসির এই অতিমানবীয় রূপ দেখে অবাক ফুটবলের ভবিষ্যৎ ও স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান ফুটবল বিশ্বের তিন বড় তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ইয়ামাল। বিশেষ করে এবারের বিশ্বকাপে মেসির পারফরম্যান্সকে এক শব্দে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন এই তরুণ উইঙ্গার।
এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন মেসি। আর্জেন্টিনার এই জাদুকরকে নিয়ে ইয়ামাল বলেন, ‘সবাই জানে মেসি কে এবং তিনি কী করতে পারেন। কিন্তু আমার মনে হয় না কেউ ভেবেছিল মেসি (এই বয়সে) এতটা ভালো খেলবেন। তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে সত্যিই খুব ভালো লাগছে।’
সাক্ষাৎকারে ইয়ামাল নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন। মেসির আর্জেন্টিনা যত দূর সম্ভব যাক—এমনটা চাইলেও ফাইনালে তাদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে চান এই স্প্যানিশ তারকা। ইয়ামালের ভাষায়, ‘আমি চাই তারা যত দূর পারে যাক। শুধু ফাইনালে যদি দেখা হয়, তাহলে আমি ওই ম্যাচটা জিততে চাই।’
বিশ্বকাপের অন্য দুই মহাতারকা নেইমার ও রোনালদোকে নিয়েও কথা বলেছেন ইয়ামাল। তাদের খেলা দেখেই বড় হয়েছেন জানিয়ে বলেন, ‘নেইমার এই বিশ্বকাপে খেলেছেন, রোনালদোর বিপক্ষেও আমি মাঠে খেলেছি। তাদের খেলা দেখেই আমি বড় হয়েছি। দুজনকে এভাবে খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে।’
চলমান বিশ্বকাপে একদিকে যেমন মেসি-রোনালদোদের মতো কিংবদন্তিরা তাদের শেষ দ্যুতি ছড়াচ্ছেন, অন্যদিকে ইয়ামালের মতো তরুণরা জানান দিচ্ছেন ফুটবল রাজত্বের নতুন যুগের। এখন দেখার বিষয়, ইয়ামালের আশা পূরণ করে আর্জেন্টিনা ও স্পেন ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে পারে কি না।