আগামীকাল বৃহস্পতিবার রাতে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। কিন্তু এ ফুটবল মহোৎসব শুরুর আগেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সর্বশেষ ঘটনা, বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত সোমালিয়ার রেফারি ওমর আরতানকে। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রবেশে বাধা দেয় মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয় থেকে বার্তা সংস্থা্ এএফসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং ফিফাও বিষয়টি নিশ্চিত করে। তবে ঠিক কী কারণে বিশ্বকাপে দায়িত্ব পাওয়া এই রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধা দেওয়া হয়েছে, সেটির কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন নিষেধাজ্ঞায় থাকা তালিকাভুক্ত দেশের মধ্যে রয়েছে সোমালিয়া। ফিফার ভাষ্য, স্বাগতিক দেশের ভিসা ও অভিবাসন-সংক্রান্ত সিদ্ধান্তে তাদের কিছু করার নেই।
অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ইরান ফুটবল ফেডারেশন দাবি করছে, তাদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে ফিফা। নিজ দেশের খেলা মাঠে বসে দেখার জন্য আগে থেকেই যে প্রস্তুতি নিয়েছিলেন ইরানের সমর্থকরা, তারা এখন ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বকাপে যাতে সমর্থকদের উপস্থিতি কম থাকে, সেজন্য ষড়যন্ত্র করে ফিফা টিকিট বরাদ্দ বাতিল করে দিয়েছে বলে দাবি করছে ইরান। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দেশ তাদের প্রত্যেক ম্যাচের মোট টিকিটের আট শতাংশ করে বরাদ্দ পায়, যা ফেডারেশনের মাধ্যমে সমর্থকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ইরানও এ নিয়ম অনুযায়ী টিকিট পাওয়ার কথা ছিল। কিন্তু ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এক বিবৃতিতে জানায়, ‘একটি অপ্রত্যাশিত পদক্ষেপের মাধ্যমে ইরান ফুটবল ফেডারেশনের টিকিট বরাদ্দ বাতিল করা হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের মধ্যে একটি টিকিটও সরবরাহ করতে পারছে না ফেডারেশন।’ এর আগে ইরানের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও তাদের দলের কিছু কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ ভিসা পাননি। শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা। যুক্তরাষ্ট্র থেকে জানিয়ে দেওয়া হয়, বিশ্বকাপের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন মুলুক ছাড়তে হবে তাদের। ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। উল্লেখ্য, এবার মেক্সিকো থেকে বিশ্বকাপ খেলছে ইরান।
বিশ্বকাপ শুরুর আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও। ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হুসেনকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দীর্ঘ জেরার পর হুসেনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তাদের দলের অফিসিয়াল ফটোগ্রাফার তালাল সালাহকে ঢুকতে দেওয়া হয়নি। শুধু এসব ঘটনাতেই শেষ নয়, বিশ্বকাপ অতিথিদের সঙ্গে আয়োজকদের আচরণ ও নিরাপত্তার ধরন নিয়েও প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছানোর পর অনেক দেশের খেলোয়াড় অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তাদের বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায় আটকে রেখে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। আর সেখানে ব্যবহার করা হয় প্রশিক্ষিত কুকুর। যদিও এসব ভোগান্তির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি কোনো দল বা খেলোয়াড়।