হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

হাইতিকে বিদায় করে শেষ বত্রিশে মরক্কো

স্পোর্টস ডেস্ক

দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল মরক্কো। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাহসী হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। শেষ দিকে বদলি দুই ফুটবলারের গোলেই জয় নিশ্চিত হয় অ্যাটলাস লায়নদের।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই চমক দেখায় ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি। ম্যাচের ১০ মিনিটে লেনি জোসেফের ব্যাক-হিল ফ্লিকে এগিয়ে যায় ক্যারিবীয় দেশটি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোল হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় এই গোল। গোল হজমের পর মরক্কো আক্রমণের ঝড় তোলে, তবে হাইতির রক্ষণ ও গোলরক্ষক জনি প্ল্যাসাইড দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে রাখেন।

অবশেষে ৩৯ মিনিটে সমতা ফেরান অধিনায়ক আশরাফ হাকিমি। বিলাল আল খানুসের ডিফ্লেক্টেড ক্রসে গোলরক্ষক বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান মরক্কোর তারকা ডিফেন্ডার।

তবে প্রথমার্ধের নাটক তখনও শেষ হয়নি। ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আবারও হাইতিকে এগিয়ে দেন উইলসন ইসিডর। মনে হচ্ছিল, বিরতিতে লিড নিয়েই মাঠ ছাড়বে হাইতি। কিন্তু যোগ করা সময়ে হাকিমির ক্রস থেকে ইসমাইল সাইবারি গোল করে আবারও সমতা ফেরান। বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করে মরক্কোকে ২-২ অবস্থায় বিরতিতে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মরক্কো। বল দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে একচেটিয়া আধিপত্য দেখায় তারা। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল আসে। সৌফিয়ান রাহিমির শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে প্রথমবারের মতো ম্যাচে লিড পায় মরক্কো।

হাইতি এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় গেসিম ইয়াসিন গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তার গোলে সম্ভাব্য সব অঘটনের শঙ্কা দূর হয়ে যায়।

ম্যাচের পরিসংখ্যানও মরক্কোর আধিপত্যের সাক্ষ্য দেয়। তারা ৭০ শতাংশ বলের দখল ধরে রাখার পাশাপাশি ২২টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে হাইতি মাত্র দুটি শট অন-টার্গেট রাখতে সক্ষম হয়, আর দুটিই গোলে পরিণত করে।

৪-২ গোলের এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। অন্যদিকে সাহসী লড়াই করেও বিশ্বকাপ অভিযান শেষ হলো হাইতির।

নির্ভার জার্মানির সামনে ইকুয়েডর

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার

নকআউট টিকিটের লড়াইয়ে মুখোমুখি জাপান-সুইডেন

কোরিয়াকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

প্রত্যাবর্তনেই পেলে-রিভালদোর কাতারে নেইমার

আইভরি কোস্টের লক্ষ্য নকআউট, কুরাসাওয়ের চাই জয়

‘গোলআনদো’ এবং একটি ফ্রি-কিকের গল্প!

গ্রুপসেরা সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডাও

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

টিভির পর্দায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ