চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্বের প্রথম ধাপের উন্মাদনা শেষে শেষ ষোলোর ম্যাচগুলো শুরুর আগেই আন্তর্জাতিক টিকিটের বাজারে বড় ধরনের ধস নেমেছে। গ্রুপ পর্বের মতো শেষ ষোলোর ম্যাচগুলোতে দর্শকদের আশানুরূপ আগ্রহ না থাকায় টিকিটের চড়া দাম ধরে রাখতে পারছে না বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে টুর্নামেন্টের অন্যতম বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের টিকিটের দাম কমেছে সবচেয়ে বেশি। মাত্র কদিনের ব্যবধানে এ ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশেরও বেশি কমে গেছে।
টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, সিয়াটলের মাঠে গড়াতে যাওয়া যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচের টিকিটের দাম গত কদিনে এক চরম নাটকীয়তার মধ্য দিয়ে গেছে। গত ১ জুন এ ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য উঠেছিল প্রায় চার হাজার ডলারে। তবে এর কিছুদিন পরই বাজারে বড় পতনের কারণে তা এক ধাক্কায় নেমে আসে এক হাজার ৫৪৯ ডলারে।
পরবর্তীতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে স্বাগতিক দর্শকদের চাহিদার কারণে টিকিটের দাম আবারও বাড়তে শুরু করে। গত শুক্রবার পর্যন্ত ম্যাচটির সর্বনিম্ন টিকিটের মূল্য দাঁড়ায় দুই হাজার ৮৩৬ ডলার। কিন্তু এই ঊর্ধ্বগতিও স্থায়ী হয়নি। মাত্র তিন দিনের ব্যবধানে শনিবার বিকালে টিকিটের দাম প্রায় ৩২ শতাংশ কমে গিয়ে এক হাজার ৪২৩ ডলারে নেমে আসে। তবে শেষ মুহূর্তে ক্ষতি কিছুটা সামাল দিয়ে শনিবার সন্ধ্যায় টিকিটের দাম সামান্য বেড়ে এক হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন কিছুটা অপ্রত্যাশিত। কারণ, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামের খুবই কাছে অবস্থিত। তাছাড়া এটি সিয়াটলে বেলজিয়ামের তৃতীয় ম্যাচ হওয়ায় গ্যালারিতে বিপুল দর্শক উপস্থিতি থাকবে বলেই ধারণা করা হচ্ছিল।
টিকিটের বাজারে বড় ধস নামলেও শেষ ষোলোর আট ম্যাচের মধ্যে মূল্যতালিকায় এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচটি। এ পর্বে সবচেয়ে বেশি দামি ম্যাচ হতে যাচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ডের লড়াই, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫৭৪ ডলার।
অন্যান্য হাইভোল্টেজ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের সর্বনিম্ন টিকিট বিক্রি হচ্ছে এক হাজার ৫৯৯ ডলারে। এছাড়া ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে এক হাজার ৫৩৭ ডলার থেকে এবং ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেনের মধ্যকার দ্বৈরথের সর্বনিম্ন টিকিটের মূল্য এক হাজার ৩৬৭ ডলার।
এদিকে বৈশ্বিক এই আসর থেকে বিদায় নিয়েছে অন্যতম সহ-আয়োজক দেশ কানাডা। শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। মাঠের লড়াইয়ে কানাডার এই খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। ম্যাচটি মাঠে গড়ানোর শেষ ৭২ ঘণ্টায় টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ১৪ শতাংশ হ্রাস পায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক বড় দল গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এবং ভ্রমণ জটিলতার কারণে আন্তর্জাতিক সমর্থকদের অনুপস্থিতিই শেষ ষোলোর ম্যাচের টিকিটের দাম আকস্মিকভাবে কমে যাওয়ার প্রধান কারণ।