বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন আর্লিং হালান্ড। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তার জোড়া গোলেই ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে নরওয়ে। প্রথমবারের মতো দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে অনন্য হালান্ড। মহাতারকাদের সঙ্গে পাল্লা দিয়ে চলমান বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে বেশ জোরালো এগিয়ে আছেন এই স্ট্রাইকার।
গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান ৭ গোল এখন হালান্ডেরও। বিশ্বমঞ্চে একের পর এক ম্যাচে দ্যুতি ছড়িয়ে যাওয়া হলান্ডকে সময়ের সেরা স্ট্রাইকার মনে করা হয়। তবে নিজেকে সেরা মনে করেন না হালান্ড।
এক প্রশ্নের জবাবে হালান্ড বিনয়ের সঙ্গে বলেছেন, তিনি সেরা নন। তিনি বলেন, ‘না, পরিসংখ্যানগতভাবে আমি নই। আমি বলব, আমি ওপরের দিকে আছি। আমার মনে হয় না এই মৌসুমে আমি সবচেয়ে বেশি গোল করেছি। আমি মনে করি, হ্যারি কেইন ও এমবাপ্পে আমার চেয়ে বেশি গোল করেছেন। এটাই বাস্তবতা।’
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস নতুন করে লিখেছে হালান্ডের নরওয়ে। দেশকে গর্ব করার মতো মুহূর্ত এনে দেওয়ার পর হলান্ড বলেন, ‘এই জয়ে আমরা অনেক গর্বিত। ব্রাজিলের বিপক্ষে অনেক বড় ম্যাচ ছিল এটি। আমি মনে করি, এটি অনেক তরুণকে অনুপ্রাণিত করবে, ঠিক যেমন আমি যখন ছোট ছিলাম, তখন যেভাবে অনুপ্রাণিত হয়েছিলাম।’