হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ দিন পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। ৪০ বছর পর প্রত্যাবর্তনের ম্যাচে যদিও নরওয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আর্লিং হালান্ডের দলের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হতে হয়েছে তাদের। তবে এই হারের মাঝেও বিশ্বকাপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে ৩০ বছর বয়সী ইরাকি ফরোয়ার্ড আয়মান হুসেইনের নাম। ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করার ঠিক দশ মিনিট পর, ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। আর এই গোলের পেছনের গল্পটি কোনো সাধারণ ফুটবলারের গল্প নয়; এটি এক চরম পারিবারিক ট্রাজেডি এবং প্রতিকূলতা জয় করে স্বপ্নের শিখরে পৌঁছানোর ইতিহাস।

২০০৮ সালে আয়মানের বয়স যখন মাত্র ১২ বছর, তখন এক নির্মম বাস্তবতার মুখোমুখি হন তিনি। পেশায় ইরাকি সেনাবাহিনীর সদস্য তার বাবা বাড়ি নির্মাণের সামগ্রী কিনতে যাওয়ার পথে আল-কায়েদা সদস্যদের গুলিতে নিহত হন। এর কয়েক বছর পর দেশটিতে চলমান অস্থিরতার মাঝে অপহৃত হন আয়মানের বড় ভাই, যার খোঁজ আজও মেলেনি। পরিবারের এমন কঠিন সময়ে হাল ধরতে ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়মান। কিন্তু তার মা তাকে বাধা দেন এবং নিজের স্বপ্নের পেছনে ছুটতে উৎসাহ দেন। মায়ের সেই অনুপ্রেরণাই ১৯৮৬ সালের পর ইরাককে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছেন।

আন্তর্জাতিক ফুটবলে ২০১৫ সালে অভিষেক হওয়া আয়মান ২০২৩ সাল থেকে ‘মেসোপটেমিয়ার লায়ন্স’ খ্যাত ইরাকি ক্লাবে ধারাবাহিক পারফর্ম করছেন। হেড এবং বক্সের ভেতর নিখুঁত শটের জন্য পরিচিত এই স্ট্রাইকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২টি গোল করে ইরাকের ঐতিহাসিক অভিযানের নায়ক বনে যান। নরওয়ে ম্যাচে একটি আত্মঘাতী গোল তাকে কিছুটা হতাশ করলেও, চোট কাটিয়ে ৯০ মিনিট লড়াই করার মানসিকতার জন্য ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড তার ভূয়সী প্রশংসা করেছেন।

তবে মাঠের বাইরের লড়াইও সহজ ছিল না আয়মানের জন্য। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ঢোকার পথে শিকাগো বিমানবন্দরে তাকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, দলের ফটোগ্রাফার তালাল সালাহকে অনুমতি না পেয়ে দেশেই ফিরে যেতে হয়। সমস্ত রাজনৈতিক অস্থিরতা, বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত শোককে পেছনে ফেলে আয়মান হুসেইন আজ কেবল একজন সফল ফুটবলারই নন, বরং যুদ্ধবিধ্বস্ত ইরাকের সাধারণ মানুষের মাঝে ঐক্য ও স্বস্তির এক অনন্য প্রতীক।

কালো মাস্কের আড়ালে অদম্য ফেরার গল্প

ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

লিওনেল ‘রেকর্ড’ মেসি

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

হ্যাটট্রিকের ম্যাচে ‘লাল কার্ড’ বিতর্কে মেসি

কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা