হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার দুয়ারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাচের ফলের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া একটি গোল। এবার সেই বিতর্ক আনুষ্ঠানিকভাবে ফিফার দরজায় পৌঁছে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও-এর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে সিবিএফ। নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে তারা উদাহরণ হিসেবে তুলে ধরেছে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির বিতর্কিত একটি গোলের ঘটনাও।

স্কটল্যান্ড ম্যাচের ২২তম মিনিটে জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে জাল খুঁজে পেয়েছিলেন ভিনিসিয়ুস। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করেন। তার মতে, বল দখলের আগে পেছন থেকে হেনরিকে ফাউল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোলটি বাতিল হলেও ম্যাচে পরে আরও দুটি গোল করেন ভিনিসিয়ুস। ব্রাজিলও ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে। তবে বাতিল হওয়া গোলটি বৈধ হলে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেতেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচ শেষে সেই আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে সিবিএফের দাবি, রেফারির সিদ্ধান্ত বিশ্বকাপে ধারাবাহিক রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্ত শুধু ব্রাজিল নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের কাছেও বিস্ময়কর ছিল। তাদের প্রতিক্রিয়াতেও স্পষ্ট ছিল, মাঠে উপস্থিত কেউই ফাউল কিংবা গোল বাতিলের প্রত্যাশা করেননি।

নিজেদের যুক্তি প্রতিষ্ঠায় সিবিএফ টেনে এনেছে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনাও। সেই ম্যাচে গোল হওয়ার আগে অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে ট্যাকল করেছিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। অস্ট্রিয়ার খেলোয়াড়রা ফাউলের দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। পরবর্তী আক্রমণ থেকেই গোল করেন লিওনেল মেসি এবং সেটি বহাল থাকে।

ব্রাজিলের প্রশ্ন, একই ধরনের পরিস্থিতিতে দুটি ভিন্ন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এমন অসঙ্গতিই বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে বিতর্কের জন্ম দিচ্ছে বলে মনে করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

গ্রুপপর্ব শেষ করে ইতোমধ্যেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। তবে মাঠের লড়াইয়ের আগে এখনো আলোচনায় রয়েছে ভিনিসিয়ুসের সেই বাতিল হওয়া গোল এবং তা ঘিরে ব্রাজিলের আনুষ্ঠানিক প্রতিবাদ।

কেপ ভার্দের ইতিহাস বনাম সৌদির অস্তিত্বের লড়াই

খেলোয়াড়দের সঙ্গে একমত নন, কৌশলেই ভুল দেখছেন নাগেলসমান

ভাগ্য নির্ধারণী ম্যাচে স্পেনের সামনে উরুগুয়ে

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি ঘোষণা ইকুয়েডরে

নকআউটের টিকিট পেল ১৮ দল, চূড়ান্ত একাধিক হাইভোল্টেজ ম্যাচ

আবারও ‘গোল নাকি ফাউল’ বিতর্কে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্তনার জয় নিয়ে দেশে ফিরছে তুরস্ক

রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ

ফরাসি সৌরভ, না ভাইকিংস গর্জন!