হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ ফাইনালের ৩ ইঞ্চি ঘাসের দাম সাড়ে ৩ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরের স্মৃতি ধরে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাস কেটে সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি করা হবে সমর্থকদের কাছে।

মার্কিন ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, চারটি ভিন্ন মূল্যের প্যাকেজে এই স্মারক বাজারে ছাড়া হবে। সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার সমান।

এই বিশেষ প্যাকেজে থাকবে সমান ৩ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ আকারের ফাইনালে ব্যবহৃত আসল ঘাসের একটি অংশ। পাশাপাশি দেওয়া হবে সোনালি নকশায় তৈরি প্রতীকী ফাইনাল টিকিট, ক্ষুদ্র আকৃতির একটি বিশ্বকাপ বল এবং ক্রিস্টালের তৈরি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।

এ ছাড়া ৪৫০, ৯০০ এবং ১,২০০ ডলারের আরও তিনটি প্যাকেজও রাখা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২ হাজার ২৬টি করে স্মারক বিক্রি করা হবে। সব মিলিয়ে এই উদ্যোগ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৩০ কোটি টাকা আয় করার আশা করছে ফিফা। তবে আপাতত এই সংগ্রহযোগ্য স্মারক কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারাই কিনতে পারবেন।

ফিফা জানিয়েছে, ফাইনালে ব্যবহৃত ঘাস বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে নর্থ ক্যারোলিনার একটি ঘাসের খামারে। খেলার মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবারের বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামেই নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। যদিও ফাইনাল ছাড়া অন্য ভেন্যুর ঘাস নিয়েও কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ৪৮টি দেশ। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন ও ফ্রান্স। বাকি দুটি সেমিফাইনাল টিকিটের জন্য লড়াই করবে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ফাইনালের আগে মাঠের লড়াই যেমন উত্তেজনা ছড়াচ্ছে, তেমনি ম্যাচশেষের সেই ঐতিহাসিক ঘাসও এখন হয়ে উঠেছে কোটি ভক্তের আগ্রহের নতুন কেন্দ্র।

ইংল্যান্ডের শঙ্কার নাম ‘হলুদ কার্ড’

এক বছরের বিশ্রাম চান বেলজিয়াম গোলরক্ষক

লড়াইয়ের আগেই ফ্রান্সকে ইয়ামালের বার্তা, ‘আবারও গোল করতে চাই’

‘স্পেন-ফ্রান্স সেমিই আসল ফাইনাল’

ফ্রান্সের বিপক্ষে পরিসংখ্যানের ‘সুখস্মৃতিই’ অনুপ্রেরণা স্পেনের

মেসি ম্যাজিক বনাম সুইস দেয়াল

ব্যথা নিয়ে খেলতে চাওয়া কোর্তোয়ার কাছে ‘টিম ফার্স্ট’

'পক্ষপাতিত্ব' বিতর্ক উড়িয়ে দিলেন স্কালোনি

বীরের বেশে দেশে ফিরল মিসর

ডর্টমুন্ডের ‘সতীর্থ’ থেকে বিশ্বকাপে ‘প্রতিপক্ষ’