হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ভুল মেনে নিয়ে ইতিবাচক দিকই খুঁজলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই ধরে নেওয়া হচ্ছিল। মাঠেও নিজেদের উজাড় করে দিয়ে আর্জেন্টিনাকে হারিয়েই দিচ্ছিল লাখ পাঁচেক জনসংখ্যার দেশটি। তবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতেছে, কিন্তু সেই জয় এসেছে ঘাম, উদ্বেগ আর অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই পেরিয়ে। বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে তাই স্বস্তির পাশাপাশি ছিল আত্মসমালোচনাও। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ভুলগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন। তবে সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন একটাই, এই দল কখনো হাল ছাড়ে না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এটি ছিল ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল। তবে সব সময় ইতিবাচক দিকও দেখতে হয়। আমি খেলোয়াড়দের সঙ্গে নেতিবাচক বিষয়গুলো নিয়ে কথা বলব, কিন্তু সবচেয়ে বড় ইতিবাচক বিষয় হলো এই দল কখনো হাল ছাড়ে না।’

কেপ ভার্দের প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি আর্জেন্টাইন কোচ। ম্যাচের আগে যেমন সতর্ক করেছিলেন, ম্যাচের পরও বললেন আফ্রিকার দলটি প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। স্কালোনির ভাষায়, ‘বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। কেপ ভার্দেকে অভিনন্দন। অনেকেই ভেবেছিল ম্যাচটা সহজ হবে, কিন্তু আমরা জানতাম সেটি হবে না। আজ তারা দেখিয়ে দিয়েছে, তারা সত্যিই একটি দুর্দান্ত দল।’

স্কালোনি কঠিন লড়াইয়ের কথা স্বীকার করলেও দলের মানসিক শক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিতই দিলেন। গুরুত্বপূর্ণ সময়ে গোল হজম করলেও তার দল মানসিকভাবে ভেঙে পড়েনি জানিয়ে এই কোচ আরো যোগ করেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা গোল খেয়েছি, কিন্তু জয়ের চেষ্টা থামাইনি। কঠিন পরিস্থিতিতেও খেলোয়াড়দের শরীরী ভাষা ছিল অসাধারণ।’

এই ম্যাচটি ছিল স্কালোনির আর্জেন্টিনা কোচ হিসেবে শততম ম্যাচ। এমন একটি মাইলফলকে হার এড়াতে পেরে স্বস্তির কথাও জানিয়েছেন তিনি, ‘আমার শততম ম্যাচে হারলে ব্যাপারটা অদ্ভুত লাগত। তবে এটাই ফুটবল।’

ম্যাচজুড়ে কেপ ভার্দের প্রতিরোধ, অতিরিক্ত সময়ের চাপ আর খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, এই ম্যাচ আর্জেন্টিনাকে ভুগিয়েছে, তবে একই সঙ্গে আরো শক্তও করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন কোচের মতে, ‘আমরা অনেক কষ্ট করেছি। খেলোয়াড়রা অতিরিক্ত সময় পর্যন্ত লড়েছে, অনেকের শরীরে টান ধরেছিল। কিন্তু তারা হৃদয় উজাড় করে খেলেছে। এটাই এই দলের পরিচয়।’

কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্জেন্টিনা এখন শেষ ষোলোয়। সেখানে তাদের সামনে অপেক্ষা করছে মিসরের কঠিন চ্যালেঞ্জ। তবে স্কালোনির বিশ্বাস, ভুলগুলো শুধরে নিতে পারলে শিরোপা ধরে রাখার পথে আরো শক্তিশালী হয়ে ফিরবে তার দল।

রোনালদোর মহানুভবতায় ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্নপূরণ

মেসিময় ম্যাচে রেকর্ড বই ওলটপালট

ভোজিনহার হৃদয় জিতলেন মেসি

‘আমরাই খেলেছি বিজয়ীর মতো’

মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবে ইংল্যান্ড

মাথা উঁচু বিদায়ে গর্বিত কেপ ভার্দে কোচ

দুর্বার গতির ফ্রান্সের সামনে প্যারাগুয়ে

আর্জেন্টিনার কোচ স্কালোনির অন্যরকম সেঞ্চুরি

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি

হেরেও জয়ী কেপ ভার্দে