হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নেইমারকে নিয়ে পরিকল্পনা জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন, তবে এখনও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি। তাই বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে সতর্ক পথই বেছে নিয়েছেন কার্লো আনচেলত্তি।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ স্পষ্ট করে জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাঁকে শুরু থেকেই মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই।

আনচেলত্তির মতে, গত এক সপ্তাহে নেইমারের ফিটনেসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারায় তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।

ব্রাজিল কোচ বলেন, “নেইমার অনেকটাই উন্নতি করেছে। গত এক সপ্তাহে সে নিজের অবস্থার উন্নতি করেছে। কিন্তু পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। সে ১৫ মিনিটের চেয়ে বেশি খেলতে সক্ষম, তবে কতক্ষণ খেলবে, সেটি পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

ডান পায়ের কাফের চোটের কারণে টানা ৯৮১ দিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন। অল্প সময় খেলেও কয়েকটি আক্রমণ গড়ে তুলে নিজের ছন্দের ইঙ্গিত দেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

তবে নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে শুরু থেকেই খেলিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি। বরং ম্যাচের শেষভাগে তাঁর অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই স্পষ্ট করেছেন ব্রাজিল কোচ।

প্রতিপক্ষ জাপানকে নিয়েও যথেষ্ট সতর্ক আনচেলত্তি। তাঁর মতে, এই ম্যাচটি ব্রাজিলের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাদের আমরা পূর্ণ সম্মান করি। আমাদের কাছে এই ম্যাচটাই ফাইনাল, তাই প্রস্তুতিও সেই মানসিকতা নিয়েই নেওয়া হয়েছে।”

নকআউট পর্বে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। তাঁর ভাষায়, “এখন আমাদের শক্ত মানসিকতা নিয়ে খেলতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। দল আত্মবিশ্বাসী, কিন্তু আমরা জানি এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন।”

স্কটল্যান্ডকে হারিয়ে টানা দ্বাদশবারের মতো বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা ধরে রেখে এবারও নকআউট পর্বে পা রেখেছে সেলেসাওরা। এবার তাদের লক্ষ্য, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করা।

জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? যে আভাস দিলেন আনচেলত্তি

ভিডিও দেখে জাপানি খেলোয়াড়দের চিনছেন রায়ান

যে কৌশলে লড়বে দুদল

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে জার্মানি-প্যারাগুয়ে

বিশ্বকাপ ব্যর্থতায় তদন্তের মুখে দক্ষিণ কোরিয়ার কোচ

অন্যায়ের মাঠে অপরাজিত ইরান, বীরত্ব নিয়েই বিদায়

ব্রাজিল বনাম জাপান, কে টিকছে

ইউস্টাকিও ঝলকে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ ষোলোতে কানাডা

মেসি মহাকাব্যে অজেয় আর্জেন্টিনা

শেষ ৩২-এর ঐতিহাসিক লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা