হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল

স্পোর্টস রিপোর্টার

চলতি ফুটবল বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচের দুদিন আগে ইরান স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে এই শিথিলের সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে- আগামী শনিবার সকালে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই, অর্থাৎ ওইদিনই ইরান দলকে আমেরিকা ত্যাগ করতে হবে।

হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি এ সিদ্ধান্তের বিষয়ে বলেন, ‘এটি আমাদের পূর্বপরিকল্পিত ছিল। প্রথম দুই ম্যাচের সময় তাদের আসা-যাওয়ার সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকায় দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কমাতে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।’

এর আগে ইরানের ফুটবল দল তাদের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তীব্র ক্ষোভ ও অভিযোগ জানিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে শুরু থেকেই নানা প্রশাসনিক ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দলটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসনে তাদের বেস ক্যাম্প করার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা মেক্সিকোর তিজুয়ানাতে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া ইরানের বেশ কজন সাপোর্ট স্টাফ ও ফেডারেশন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এর আগে কেবল ম্যাচের আগের দিন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি ছিল, যা খেলোয়াড়দের ফিটনেস ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করছিল। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, নতুন ঘোষণার পর গতকালই তিজুয়ানা ছেড়ে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছে দল।

বর্তমানে ‘জি’ গ্রুপে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে নকআউটের দৌড়ে ভালোভাবেই টিকে আছে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিসর এবং সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে আছে বেলজিয়াম। আগামী শনিবার সকালে মিসরের বিপক্ষে ম্যাচটি ইরানের জন্য নকআউটে যাওয়ার লড়াই।

টিভির পর্দায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

মুখ ঢেকে লাল কার্ডে নিষিদ্ধ আলমিরন, তবে বেঁচে গেলেন বেলিংহ্যাম

সিআর সেভেনকে ইব্রাহিমোভিচের খোঁচা

বিজয়ীদের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন ট্রাম্প

রেফারি কফি খাচ্ছিলেন, তাই পেনাল্টি পায়নি ঘানা!

নকআউটের আগে ‘বেঞ্চ টেস্টে’ আর্জেন্টিনার, বিশ্রামে থাকতে পারেন মেসি

শীর্ষস্থানের লড়াইয়ে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

নকআউটের লড়াইয়ে মরক্কোর সামনে হাইতি

নির্ভার মেক্সিকোর মুখোমুখি চেক প্রজাতন্ত্র

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার