ক্যানসারের সঙ্গে লড়াইরত ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিও ডি জেনিরোর সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করলেও চিকিৎসার গোপনীয়তার স্বার্থে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে এমন খবর পেয়ে গেছে ব্রাজিল দল।
২০২৩ সাল থেকে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত ৮৩ বছর বয়সি এই কোচের শারীরিক অবস্থা বর্তমানে ‘ভালো নেই’ বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ফুটবলার জিনহো। তিনি জানান, ফুসফুসের জটিলতার কারণে পেরেইরাকে বর্তমানে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তবে তার অবস্থা এখন স্থিতিশীল।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই ট্যাকটিশিয়ান ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ ছাড়াও ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশন্স কাপ জিতিয়েছেন। সেলেসাওদের ডাগআউটে ১৭৭ ম্যাচে ১২৪ জয় রয়েছে তার। এছাড়া রেকর্ড ছয় বিশ্বকাপে পাঁচ ভিন্ন দেশে কোচিং করানো পেরেইরার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছে পুরো ফুটবলবিশ্ব।