মৌসুমের মাঝপথে এসে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চিড় ধরেছে তার। গতকাল রাতে ক্লাবের চিকিৎসকদের পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি বায়ার্ন।
বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান কেইন। প্রতিপক্ষের জোয়েল শ্মিডের সঙ্গে বলের দখল নিতে গিয়ে বাঁ গোড়ালিতে আঘাত পান তিনি। প্রথমে ব্যথা নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ইংলিশ স্ট্রাইকার। কিন্তু শেষ পর্যন্ত ২০ মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। দুই ফিজিওর সহায়তায় মাঠের বাইরে যান ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড।
বায়ার্ন জানিয়েছে, কেইনের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্টে চোট লেগেছে। এটি এক ধরনের গুরুতর গোড়ালির মচকানো বা হাই অ্যাঙ্কেল স্প্রেইন। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এই চোট বায়ার্নের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন কেইন। গত মৌসুমে ক্লাবের হয়ে ৬১ গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমেও দলের আক্রমণের প্রধান ভরসা ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।
কেইনের অনুপস্থিতিতে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগÑদুই প্রতিযোগিতাতেই সমস্যায় পড়তে পারে বায়ার্ন। তার চোটের কারণে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে কোচকে। প্রাথমিক ধারণা অনুযায়ী দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরতে পারবেন তিনি। তবে মার্চে নেশনস লিগে ইংল্যান্ডের ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠেন কি না, সেটিও এখন আলোচনায়।
কেইনের চোট শুধু বায়ার্নের নয়, ইংল্যান্ডের জন্যও দুশ্চিন্তার খবর। জাতীয় দলের অধিনায়ককে দ্রুত সুস্থ করে ফেরানোই এখন দুই পক্ষের প্রধান লক্ষ্য।