হোম > খেলা > ফুটবল

নারী ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ নারী ফুটবল লিগের সপ্তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নবাগত দল রাজশাহী স্টারস। আজ লিগের শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। ১০ ম্যাচ খেলে মোট ৩০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্ণা, আলপি আক্তাররা। এবারই প্রথম লিগে অংশ নেয় রাজশাহী। অন্যদিকে ১০ ম্যাচে সেনাবাহিনীর অর্জন ২৪ পয়েন্ট।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন হতে মাত্র এক পয়েন্ট দরকার ছিল রাজশাহীর। আর শিরোপার লড়াই প্লে-অফে নিয়ে যেতে সেনাবাহিনীর প্রয়োজন ছিল তিন পয়েন্ট। এমন সমীকরণের ম্যাচটি দারুণ জয়ে রাঙিয়ে দিল রাজশাহীর মেয়েরা।

খেলার দ্বিতীয়ার্ধে তিনটি গোল পেয়েছে তারা। বিরতির পর রাজশাহীকে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন আলপি আক্তার। ৪৭ মিনিটে সেনাবাহিনীর রক্ষণ দেয়াল ভেঙে আক্রমণে যান সৌরভী আকন্দ। তার বাড়ানো পাস থেকে আলত টোকায় গোল করেন আলপি। ৫৮ মিনিটে স্কোরলাইন ২-০ করেন শাহেদা আক্তার রিপা। ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে বল জাল জড়ান এই ফরোয়ার্ড। ৮৮ মিনিটে রাজশাহীকে তৃতীয় গোল এনে দেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন এই ফরোয়ার্ড। এতে অপরাজিত থেকে লিগ জয়ের আনন্দ উৎসব করল রাজশাহীর মেয়েরা।

ম্যাচশেষে রাজশাহীর তারকা ফুটবলার ঋতুপর্ণা জানান, আগে লিগে জাতীয় দলের সব ফুটবলার একটি দলের হয়ে খেলতেন। তাই লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো না। এবার পুল সিস্টেম চালু করার পর নারী লিগ প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাটা সহজ ছিল না।

অন্যদিকে, শিরোপাজয়ী রাজশাহী দলের কোচ মাহমুদা শরীফা অদিতি সাফল্যের রহস্য উন্মোচন করে বলেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল ম্যাচ বাই ম্যাচ আমরা ৩ পয়েন্ট করে নেব। এ ম্যাচেও ড্রয়ের কথা মাথায় আনিনি। জয়ের জন্য ৩ পয়েন্টের জন্য আমরা মাঠে নেমেছিলাম। ড্র করার কোনো চিন্তাও ছিল না আমাদের।’ রাজশাহীর অধিনায়ক শিউলি আজিম জানান, লিগে সেনাবাহিনী ও ফরাশগঞ্জ দল কঠিন প্রতিপক্ষ ছিল। সেনাবাহিনী ভারসাম্যপূর্ণ এবং ভালো দল- এই দুটি দিক ভাবনায় নিয়েই মাঠের লড়াইয়ে নামেন তারা।

দীর্ঘ দেড় বছর পর এবার মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগের সপ্তম আসর। গত ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হয়। মাঠের অব্যবস্থাপনা, সূচিসহ নানা বিষয় নিয়ে লিগ বিতর্কের মুখে পড়ে। খেলার শেষ দিকে লিগের ট্রফি উন্মোচন করে বাফুফে। ১১ দলের লিগে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি ১০ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায়। এবারের লিগে খেলেনি সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

শুরুতেই স্পেন-ইংল্যান্ড মুখোমুখি

ব্রেন্টফোর্ডের মাঠে জিততে পারল না আর্সেনাল

অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

সেই ইন্টার মিয়ামি এখন সবচেয়ে দামি

মেসির চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

গাজার ধ্বংসস্তূপে প্রাণ ফিরে পেল ফুটবল

তাদের আজ ‘ফাইনাল ম্যাচ’

জয়ের দুয়ারে গিয়েও থামল চেলসি, বাঁচল ম্যানইউ

নারী-পুরুষের জন্য সমান অর্থ পুরস্কারের আহ্বান

ভালোবাসা দিবসে মাঠে ফিরবেন রোনালদো