একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইতিহাস গড়েছে আল নাসর, অন্যদিকে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি জয়ের দুয়ারে গিয়েও আটকে গেছে ড্রয়ে—দুই মহাতারকার দিনে দুই ভিন্ন গল্প ফুটে উঠল ফুটবল দুনিয়ায়। সৌদি প্রো লিগে আল অখদুদকে ২-০ গোলে হারিয়ে টানা ১৪ ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড গড়েছে আল নাসর। এ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৬৮তম গোল পূর্ণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের অন্য গোলটি করেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।
এ জয়ে ২৮ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আরো শক্ত অবস্থান নিয়েছে আল নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা এগিয়ে পাঁচ পয়েন্টে। মৌসুমে বাকি আছে মাত্র ছয় ম্যাচ।
টানা ১৪ জয়ের এই রেকর্ড শুধু ইতিহাসই নয়, শিরোপা জয়ের পথে দলটির আত্মবিশ্বাসও বাড়িয়েছে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শীর্ষ চারের দল আল ইত্তিফাক, আল আহলি, আল কাদিসিয়াহ ও আল হিলালের বিপক্ষে ম্যাচগুলোই নির্ধারণ করবে শেষ পর্যন্ত শিরোপার ভাগ্য।
এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোনালদো। ২৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। তার ওপরে রয়েছেন জুলিয়ান কুইনোনেস (২৬) ও ইভান টোনি (২৭)। টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে শেষ ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে এই পর্তুগিজ তারকাকে।
অন্যদিক যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে জয়ের কাছাকাছি গিয়েও আবারও হতাশ হতে হয়েছে ইন্টার মিয়ামিকে। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচের শুরুতেই আক্রমণে এগিয়ে ছিল মিয়ামি; তবে ১৪ মিনিটে জর্জ রুভালকাবার গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের শেষদিকে রদ্রিগো ডি পলের ক্রস থেকে মাতেও সিলভেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে বার্তেরামের গোলে এগিয়ে যায় মিয়ামি, যেখানে পরোক্ষ অবদান ছিল লিওনেল মেসির। কিন্তু ৭৬ মিনিটে আদ্রি মেহমেতির গোল ম্যাচে আবারও সমতা ফেরায়। শেষদিকে জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি।
তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, আর যোগ করা সময়ে নেওয়া ফ্রিকিক দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক ইথান হোরভাথ। তবে ইতিবাচক দিক হলো, টানা ছয় ম্যাচ অপরাজিত রয়েছে মিয়ামি। সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে মেসির দল।