আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজকে ঘিরে আবারও আলোচনায় রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এবার আর আগের মতো কম দামে নয়; পাজকে ফিরিয়ে আনতে রিয়ালকে খরচ করতে হতে পারে আট কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার ৯০ কোটি টাকা।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্মে পাজকে ফেরানোর বাই-ব্যাক অপশন রয়েছে রিয়ালের হাতে। ক্লাবটি সে সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেছেন সাংবাদিক মেলচর রুইজ। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রিয়াল মাদ্রিদ।
২০২৪ সালে মাত্র ৬০ লাখ ইউরোর বিনিময়ে রিয়াল থেকে কোমোয় যোগ দিয়েছিলেন পাজ। সে সময় চুক্তিতে ছিল ভবিষ্যতে তাকে কম দামে ফিরিয়ে আনার সুযোগ এবং বিক্রি অর্থের একটি অংশ পাওয়ার শর্ত। কিন্তু ২০২৬ সালের গ্রীষ্মে দুই ক্লাবের মধ্যে নতুন সমঝোতা হয়। কোমো অতিরিক্ত ছয় কোটি ইউরো দিয়ে আগের ৫০ শতাংশ বিক্রয়-স্বত্বের শর্ত বাতিল করেন। বিনিময়ে রিয়াল পায় ২০২৭ সালের গ্রীষ্মে আট কোটি ইউরোতে পাজকে ফিরিয়ে আনার নতুন সুযোগ।
কোমোর হয়ে গত মৌসুমে ৩৫ লিগ ম্যাচে ১২ গোল ও সাত অ্যাসিস্ট করেছিলেন পাজ। চলতি মৌসুমেও তার পারফরম্যান্স দুর্দান্ত। ১৪ ম্যাচে করেছেন ছয় গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আটটি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি।
পাজের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে ইউরোপের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার বানিয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তার নাম আলোচনায়। এখন দেখার পালা, রিয়াল তাকে ফিরিয়ে নিয়িমিত একাদশে খেলিয়ে লাভবান হয়, নাকি কোমোতেই নিজেকে আরো উচ্চতায় নিয়ে যান পাজ।