জুলিয়ান আলভারেজকে ঘিরে দলবদলের বাজারে নতুন চমক। এত দিন বার্সেলোনার কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রির ব্যাপারে অনড় থাকার কথা বললেও, এবার জানা গেল কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনার জন্য আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো টিভি’র সাংবাদিক জর্দি জোতার দাবি, অ্যাটলেটিকো দেওয়া সেই নথি তিনি নিজ চোখে দেখেছেন। আলভারেজও চলতি গ্রীষ্মে বার্সেলোনাকে নিজের পছন্দের গন্তব্য হিসেবে দেখছেন।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোয় যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৭ ম্যাচে তার গোল ৪৯টি, অ্যাসিস্ট ১৭টি। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চ্যালেঞ্জের সন্ধানে আছেন তিনি।
আলভারেজকে দলে নিতে আগ্রহী ছিল আর্সেনালও। ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়ার পর তাকে অন্যতম প্রধান লক্ষ্য বানিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে কোচ মিকেল আরতেতাকে আলভারেজ জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে ফেরার ইচ্ছা তার নেই। ফলে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।