আল নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আর এমন নয়। অবশেষে ক্লাবটির হয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা। ইএসপিএন ব্রাজিল আল নাসরের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মাঠের লড়াইয়ে ফিরবেন সিআর সেভেন। প্রত্যাবর্তনের ম্যাচে পর্তুগাল অধিনায়ক খেলবেন আল ফাতেহের বিপক্ষে।
আল নাসরের টানা দুই ম্যাচ খেলতে মাঠে নামেননি ৪১ বছরের এ তারকা ফরোয়ার্ড। এ মেগাস্টারকে দলের বাইরে রেখেই গত শুক্রবার আল ইত্তিহাদকে ২-০ ও আগের সপ্তাহে আল রিয়াদের মাঠে ১-০ গোলে জয়ের ম্যাচেও দর্শক হয়েছিলেন রোনালদো। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সৌদি প্রো লিগের ক্লাবটির দুই ম্যাচ বয়কট করেছেন রোনালদো। ট্রান্সফার উইন্ডোতে পিআইএফের ভূমিকা নিয়ে আপত্তি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রতিপক্ষ আল হিলালকে পিআইএফ বাড়তি গুরুত্ব দেওয়ার ক্ষোভে ম্যাচ দুটি খেলেননি রোনালদো।
দাবি পূরণ হওয়ায় ফের মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এ মেগাস্টার। রোনালদোর দাবি মেনে, আল নাসরের বকেয়া বেতন আদায় করা গেছে। ক্লাবের শীর্ষ কর্মকর্তারা তাদের কাজের স্বাধীনতা ফিরিয়ে পেয়েছেন। ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও হোসে সেমেদো পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ শুরু করতে পারবেন এখন থেকে। কেননা, তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল পিআইএফ।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল হিলাল দলে টেনেছে করিম বেনজেমাকে। এ ফরাসি ফুটবলার রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ। আর নেইমার জুনিয়রের সাবেক ক্লাবটির ৭৫ শতাংশ মালিকানাই পিআইএফের।
টানা দুই ম্যাচ না খেলায় এর আগে রোনালদোকে সতর্ক করে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ জানায়, ‘সৌদি প্রো লিগ একটি সহজ নীতির ওপর পরিচালিত হয়—সব ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত। প্রতিটি ক্লাবের নিজস্ব বোর্ড, নির্বাহী ও ফুটবল ব্যবস্থাপনা রয়েছে। দল গঠন, ব্যয় ও কৌশল নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ক্লাবগুলোরই, একটি আর্থিক কাঠামোর ভেতরে থেকে, যা লিগের স্থায়িত্ব ও প্রতিযোগিতামূলক ভারসাম্য নিশ্চিত করে।’
এ মৌসুমে এখন পর্যন্ত আল নাসরের জার্সি গায়ে ২২ ম্যাচে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন রোনালদো। নিজে গোল করেছেন ১৮টি। সঙ্গে এ সুপারস্টার সহায়তা করেছেন সতীর্থদের তিন গোলে।