অভিষেক ম্যাচ বলে কথা! রোনান বেনজামিন সুলিভান ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। বাংলাদেশের জার্সিতে নিজের নতুন পথ চলার শুরুতেই ফুটবলপ্রেমীদের চমকে দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ তরুণ ফুটবলার। মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে তারকা এ ফরোয়ার্ড রাঙিয়ে নিলেন নিজের ক্যারিয়ারের আরেকটি অধ্যায়। তার ফুটবল ম্যাজিকেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ বর্ণিল করে তুলেছে জয়ের রঙে। দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার সুযোগই দেয়নি দেশের যুবারা। বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল উপহার দিলেন রোনান সুলিভান। আজ মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে তার দারুণ নৈপুণ্যে ২-০ গোলে জিতে সাফে নিজেদের মিশন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য সমতায়।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান সুলিভান ও ডেকলাইন থিওডর সুলিভানকে। সবার নজর ছিল বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ভাইয়ের ওপর। ম্যাচের শুরুতে ডেকলাইন জায়গা না পেলেও সেরা একাদশে ছিলেন রোনান। আর সুযোগ পেয়ে মাঠে নেমেই দেখান নিজের পায়ের ফুটবল জাদু।
দ্বিতীয়ার্ধে বেশ চাঙা হয়ে নামে বাংলাদেশ। তারই ধারাবাহিকতা দেখা যায় আক্রমণভাগে। বারবার বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন রোনান সুলিভানরা। কাঙ্ক্ষিত গোল এসে ধরা দেয় ম্যাচের ৫৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির ফ্রি-কিকে জাল কাঁপিয়ে দেন মেজর লিগ সকারে খেলা রোনান সুলিভান। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করে সমর্থকদের উল্লাসে ভাসান এ তরুণ।
এক গোল করেই ক্ষান্ত হননি রোনান। ম্যাচের ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন। গোল ব্যবধান নিয়ে যান ২-০ তে। বাঁ প্রান্ত থেকে সতীর্থের আড়াআড়ি শট থেকে উড়ে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান সুলিভান। পরে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোলের লিড ধরে লেখেই জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের যুবারা।
এ জয়ে ‘বি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় সবার ওপরেই অবস্থান করছে বাংলাদেশ। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচেই হার মেনেছে বাংলাদেশের কাছে। এখনো মাঠে নামেনি ভারত। আগামী ২৮ মার্চ গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।