এক ম্যাচেই দুই মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে শততম গোলের দেখা পাওয়ার দিনেই দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে এই শিরোপা জিতেছে মিয়ামি। ম্যাচে একটি গোল নিজে করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রাখেন আর্জেন্টাইন তারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে মুখোমুখি হয় মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ও লিগা এমএক্সের চ্যাম্পিয়ন ক্রুজ আজুল। ম্যাচের ২৪ মিনিটেই লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি।
এর আগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে গোল করে ইন্টার মিয়ামির হয়ে ৯৯তম গোল পূর্ণ করেছিলেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটে। ১১৫ ম্যাচেই ক্লাবটির হয়ে ১০০ গোল পূর্ণ করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা এখন ৯২৯।
কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে এটিই মেসির সবচেয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলক। বার্সেলোনার হয়ে ১০০ গোল করতে তার প্রয়োজন হয়েছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার হয়ে একই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৭৪ ম্যাচ। সেখানে মিয়ামির জার্সিতে মাত্র ১১৫ ম্যাচেই শতক পূর্ণ করলেন তিনি।
ম্যাচের শেষ দিকে আবারও গোলের সঙ্গে জড়িয়ে থাকেন মেসি। ৮১ মিনিটে তার নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। ফলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে শিরোপা হাতে তুলে নেয় ইন্টার মিয়ামি। এটি মেসির ক্যারিয়ারের ৪৯তম ট্রফি।
২০২৩ সালে লিগস কাপ জয়ের মধ্য দিয়ে মিয়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি। পরের বছর সাপোর্টার্স শিল্ড জেতে ক্লাবটি। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে মিয়ামি। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।