লা লিগায় হঠাৎই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ফলে শীর্ষে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার সামনে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি, যারা এখন লিডার আর্সেনালের ঠিক পেছনেই। লা লিগার ম্যাচে ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল। টানা চতুর্থ ম্যাচে গোল করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। ছয় ম্যাচ পর এটি রিয়ালের প্রথম লিগ হার। ওদিকে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ওসাসুনা। গোলকিপার থিবো কোর্তোয়ার ফাউলে পাওয়া স্পট কিক থেকে গোল করেন আন্তে বুদিমির। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যার উপস্থিতিতে রিয়ালের আক্রমণ গতি পায়। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ৭২ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়। ৯০ মিনিটে রাউল গার্সিয়ার গোল প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরে বৈধ ঘোষণা করা হলে জয় নিশ্চিত হয় ওসাসুনার। ২০১১ সালের পর রিয়ালের বিপক্ষে এটি তাদের প্রথম লিগ জয়।
২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে রিয়াল; তবে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা জিতলেই আবার শীর্ষে উঠে যাবে।
ইংল্যান্ডে শিরোপা দৌড়েও জমে উঠেছে উত্তেজনা। ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ১৪ মিনিটে জোরালো শটে দলকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। দ্রুত সমতা ফেরায় নিউক্যাসল কর্নার থেকে ক্লিয়ার করতে গিয়ে বল রায়ান আইত-নুরির গায়ে লেগে জালে জড়ালে গোলটি পান লুইস হল। ২৭ মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। আর্লিং হ্যালান্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ও’রাইলি। এরপর গোলের চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি নিউক্যাসল। শেষ মুহূর্তে হার্ভে বার্নসের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আর্সেনালের মাত্র দুই পয়েন্ট পেছনে রয়েছে সিটি।