হোম > খেলা > ফুটবল

মেসির শোকে পাশে সতীর্থরা, রোজারিও যাচ্ছেন পারেদেস

স্পোর্টস ডেস্ক

বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোকে কাতর লিওনেল মেসি। ফুটবল মাঠে দীর্ঘদিনের সতীর্থরা এবার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আর্জেন্টাইন অধিনায়কের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বোকা জুনিয়র্সের অধিনায়ক ও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

পার্কে পাত্রিসিওসে ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পারেদেস। সেখানেই মেসির প্রতি নিজের সমবেদনা এবং জাতীয় দলের সতীর্থদের ভালোবাসার কথা জানান তিনি।

মেসির সঙ্গে এখনো কথা হয়নি বলে জানান পারেদেস। মিয়ামি থেকে রোজারিওর পথে থাকা মেসির সঙ্গে যোগাযোগের সুযোগ না হলেও সতীর্থরা তাঁর পাশে থাকার জন্য প্রস্তুত। পারেদেস বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। আমি জানি সে ভ্রমণের মধ্যে রয়েছে। আমরা এখানে থাকলে নিশ্চয়ই তাঁর ভালো লাগবে, এই ভেবে তিনি এসে পৌঁছানো পর্যন্ত তাঁর পাশে থাকার অপেক্ষায় আছি।’

মেসির বাবার মৃত্যুর পর রোজারিও যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন পারেদেস। কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে কখন রওনা হবেন, সেটি নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। পারেদেস বলেন, ‘এখন আমি আমার কিছু সতীর্থের সঙ্গে কথা বলব, আমরা এখনই যাব নাকি আগামীকাল দুপুরের পর যাব তা দেখতে। আমাদের কাছে তাঁর (মেসির) যে গুরুত্ব, সে কারণে আমরা এই শোককে নিজেদের বলেই মনে করছি।’

বাবাকে শেষবিদায় জানাতে মিয়ামি থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে যিনি তাঁর পাশে ছিলেন, সেই হোর্হে মেসির মৃত্যুতে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষকৃত্য ঘিরে আয়োজন পারিবারিক হলেও মেসি ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা জানাতে রোজারিওতে ভিড় করছেন অসংখ্য সমর্থক।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই