মাঠে শেষবার নামার আগেই মেসির বিদায়কে স্মরণীয় করে তোলার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ম্যাচকে ঘিরে প্রস্তুত করা হয়েছে বিশেষ জার্সি, যার নকশায়ও থাকছে আলাদা চমক।
নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে বিশেষ জার্সিটির ইঙ্গিত দিয়েছেন মেসি। ভিডিওতে জাতীয় দলের ১০ নম্বর জার্সি সরিয়ে নতুন পোশাকটি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’
নতুন জার্সির পেছনে দুই পাশে মোটা আকাশি-নীল অংশের মাঝ দিয়ে নেমে গেছে সাদা স্ট্রাইপ। খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা হবে সোনালি রঙে। এর সঙ্গে বিশেষ শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’র ছায়া। তবে এই জার্সি শুধু মেসি পরবেন, নাকি পুরো দল তা এখনো স্পষ্ট নয়।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। মেসি থাকবেন শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতে।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বড় আয়োজনের পরিকল্পনাও রয়েছে এএফএর। সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। সতীর্থদের উপস্থিতিতে জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করবেন মেসি।