হোম > খেলা > ফুটবল

জয়ের দুয়ারে গিয়েও থামল চেলসি, বাঁচল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে একই রাতে দেখা গেল দুই ভিন্ন গল্প—একটি হতাশার, অন্যটি স্বস্তির। দুই গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না চেলসি। আর প্রায় হারের মুখে দাঁড়িয়ে ইনজুরি টাইমে গোল করে পয়েন্ট উদ্ধার করল ম্যানচেস্টার ইউনাইটেড।

লিয়াম রোজেনিয়রের অধীনে দারুণ ছন্দে ছিল চেলসি। লিডস ইউনাইটেডের বিপক্ষে জিতলে টানা পঞ্চম লিগ জয় নিশ্চিত হতো। শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো।

প্রথমার্ধে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় ব্লুরা। দ্বিতীয়ার্ধে কোল পালমার পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করলে ম্যাচ একরকম মুঠোয় চলে আসে। গ্যালারিতে তখন উৎসবের আমেজ।

কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চিত—সেটাই প্রমাণ করল লিডস। জেইডেন বোগলে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে লুকাস এনমেচা ব্যবধান কমান। গোল হজমের পর চেলসির ডিফেন্সে যেন অস্থিরতা ছড়িয়ে পড়ে।

সেই সুযোগে সমতায় ফেরান নোয়াহ ওকাফোর। ২-২ গোলের সমতায় স্তব্ধ হয়ে যায় স্ট্যামফোর্ড ব্রিজ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পালমারের সামনে আসে জয়ের সোনালি সুযোগ, কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে হতাশায় ডুবে যায় চেলসি। নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

অন্যদিকে, ওয়েস্ট হ্যামের মাঠে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেডও ছিল চাপে। টানা পঞ্চম জয় তুলে নিয়ে শীর্ষ তিনে ওঠার সুযোগ ছিল তাদের সামনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই টমাস সোসেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। কোবি মাইনুর ক্রস থেকে কাসেমিরোর হেডে বল জালে জড়ালেও ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্ত দেয়—ফলে সেই উল্লাস স্থায়ী হয়নি।

সময় গড়াতে থাকে, পরাজয়ের শঙ্কা ঘনিয়ে আসে। ওয়েস্ট হ্যাম যখন জয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নাটকীয় মুহূর্ত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ব্রায়ান এমবেউমোর বাঁকানো ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন বেঞ্জামিন সেসকো। শেষ মুহূর্তের সেই আঘাতে ভেঙে যায় ওয়েস্ট হ্যামের স্বপ্ন, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে ইউনাইটেড।

২৬ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। জিততে পারলে ম্যানসিটির সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারত তারা। অন্যদিকে, সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে চেলসি।

এক রাতে দুই ক্লাবের গল্প তাই আলাদা—চেলসির জন্য হারানো জয়, আর ইউনাইটেডের জন্য বাঁচানো হার।

নারী-পুরুষের জন্য সমান অর্থ পুরস্কারের আহ্বান

ভালোবাসা দিবসে মাঠে ফিরবেন রোনালদো

শিরোপা থেকে হাত ছোঁয়া দূরে ঋতুপর্ণারা

নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল

চোট সংকটেও স্বস্তির হাসি রিয়ালের

দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের জয়, শীর্ষে পিএসজি

আনচেলত্তির ‘একাদশে’ নেই নেইমার

সিটির কাছে হারল লিভারপুল

সাফে বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ

তারকাখ্যাতির সীমা টেনে রোনালদোকে স্পষ্ট বার্তা সৌদি লিগ কর্তৃপক্ষের