বিশ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় পাওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। ফিফার দেওয়া শাস্তিকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করায় প্রশ্ন তুলেছেন তিনি।
লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচের পর পারেদেস বলেন, ‘এটা বারাবাড়ি মনে হচ্ছে। আরেকটি ব্যাপার অদ্ভুত, গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করা হলো। অথচ সে আমার বুকে ঘুষি মেরেছিল।’
বিশ্বকাপ ফাইনালের পরের হাতাহাতির ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। থিয়াগো আলমাদা পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির স্টাফ সদস্য রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
শাস্তির পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। বাকি তিন আর্জেন্টাইন সদস্যকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ডলার করে।