লিওনেল মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে নিজের অবস্থান একেবারেই স্পষ্ট করে দিয়েছেন জিনেদিন জিদান। শুধু ‘গোট’ বিতর্কেই নয়, ২০২৬ ব্যালন ডি’অরের দৌড়েও আর্জেন্টাইন মহাতারকার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন ফরাসি কিংবদন্তি। তাঁর মতে, ভোট দেওয়ার সুযোগ থাকলে মেসিকেই বারবার বেছে নিতেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে জিদান বলেন, ‘সুযোগ থাকলে আমি ১০০ বার মেসিকেই ভোট দিতাম।’
৩৯ বছর বয়সেও মেসির শীর্ষ পর্যায়ে পারফর্ম করে যাওয়াটাই জিদানকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তাঁর মতে, এই বয়সে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা সহজ কোনো বিষয় নয়। মেসির এই দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠত্বকে তাই বিশেষভাবে মূল্যায়ন করছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
জিদান মনে করেন, এবারও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসি যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছেন। অন্য মনোনীতদের তুলনায় তাঁর প্রভাব কোনোভাবেই কম নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তাই মেসির হাতে এবারের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার উঠলে মোটেও অবাক হবেন না জিদান। তিনি বলেন, ‘মেসি এবার পুরস্কারটি জিতলে আমি মোটেও অবাক হব না।’
তবে মেসিকে নিয়ে জিদানের প্রশংসা শুধু এবারের পুরস্কারের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে? এই দীর্ঘ বিতর্কেও নিজের পছন্দের নাম জানিয়ে দিয়েছেন তিনি। জিদানের মতে, মেসিকে সর্বকালের সেরা হিসেবে মানতে কারও সংশয় থাকলে সেটি আসলে ফুটবল সম্পর্কে ধারণার অভাবেরই প্রমাণ।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচের ভাষায়, ‘এখনো যদি কারো মনে সর্বকালের সেরা নিয়ে কোনো সংশয় থাকে, তবে সত্যি বলতে সেই মানুষটির ফুটবল সম্পর্কে কোনো ধারণাই নেই।’