ভবিষ্যতের তারকা তৈরির পরিকল্পনায় ১৯ বছর বয়সী মিডফিল্ডার সার্জিও মার্টিনেজকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং সান্তান্দারের এই তরুণকে পেতে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব ও সৌদি আরবের দলগুলোর আগ্রহ ছিল। শেষ পর্যন্ত প্রায় ৩৫ লাখ ডলারের একটু বেশি মূল্যের চুক্তিতে তাকে দলে টেনেছে রিয়াল।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার মার্টিনেজ আপাতত মূল দলে সুযোগ পাচ্ছেন না। রিয়ালের যুবদল কাস্তিয়ায় খেলেই নিজেকে গড়ে তুলবেন তিনি। চলতি মৌসুমে তৃতীয় বিভাগের দল ও মূল দলের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তার সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত।
মাত্র ১০ বছর বয়সে রেসিং সান্তান্দারে যোগ দিয়েছিলেন মার্টিনেজ। অনূর্ধ্ব-১১ বি দল থেকে শুরু করে ধাপে ধাপে মূল দলে উঠে আসেন তিনি। সিনিয়র দলের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ।
মার্টিনেজের চুক্তিতে থাকা রিলিজ ক্লজের পুরো অর্থ এক কিস্তিতে পরিশোধ করতে রাজি হয়েছে রিয়াল। ফলে দীর্ঘদিনের এই সম্পর্কের ইতি টেনে স্প্যানিশ জায়ান্টদের নতুন অধ্যায়ে পা রাখছেন তরুণ মিডফিল্ডার।