চারপাশে যুদ্ধের ক্ষত। কোথাও বিধ্বস্ত ভবন, কোথাও ধুলোমাখা ধ্বংসস্তূপ। যে জনপদে একসময় মানুষের স্বাভাবিক জীবন ছন্দে চলত, সেখানে এখনো অনিশ্চয়তা আর আতঙ্কের ছায়া। তবু শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসে অন্য রকম এক দৃশ্যের জন্ম হলো। গোলপোস্টের সামনে বল নিয়ে ছুটছেন তরুণরা, মাঠের পাশে দাঁড়িয়ে উল্লাস করছেন দর্শকরা। গোল হলে আনন্দে ফেটে পড়ছে চারপাশ। যুদ্ধ থামেনি, ধ্বংসও মুছে যায়নি; কিন্তু ফুটবল যেন মনে করিয়ে দিল, এত কিছুর পরও বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে যায়নি ফিলিস্তিনিদের।
ইসরাইলি হামলায় বিধ্বস্ত খান ইউনিসের একটি এলাকায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ২০টি পাড়াভিত্তিক দল। খেলা দেখতে জড়ো হয়েছিলেন প্রায় ২,০০০ মানুষ। একসময় গাড়ির ডিপো হিসেবে ব্যবহৃত জায়গাটিই এবার পরিণত হয়েছে ফুটবল মাঠে। চারদিকে ধ্বংসস্তূপ, নিচে বালুময় জমি। দর্শকদের কেউ দাঁড়িয়েছেন মাঠের কিনারায়, কেউ আবার ধ্বংসস্তূপের ওপর উঠে উপভোগ করেছেন খেলা। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের মধ্যে ফুটবলের এমন ব্যতিক্রমী আয়োজনের গল্প।
প্রায় তিন বছর ধরে খান ইউনিসে বন্ধ ছিল ফুটবল কার্যক্রম। যুদ্ধের কারণে মাঠগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, হারিয়ে গেছে খেলার স্বাভাবিক পরিবেশ। ক্রীড়াসামগ্রীরও তীব্র সংকট। তাই নিরাপদ ও ব্যবহারযোগ্য মাঠের অভাবে আয়োজকরা ‘ইয়েলো লাইন’-এর কাছে একটি খোলা জায়গা বেছে নেন। ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর ইসরাইলি সামরিক বাহিনী এই সীমারেখা নির্ধারণ করে। শুরুতে এটি ছিল সেনাদের অবস্থান ও গাজার বাকি অংশের মধ্যকার সীমা। পরে সীমারেখার বাইরে ইসরাইলি বাহিনীর অভিযান বাড়তে থাকায় বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া একটি দলের কোচ নাহিদ আবদিনের কাছে এই আয়োজন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় মানুষকে একত্র করা এবং ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরাও তার উদ্দেশ্য। আনাদোলুকে তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলেও যুদ্ধের বিরুদ্ধে লড়াই করি, খেলাটির চেতনা দিয়ে লড়াই করি। আজ যারা খেলতে এসেছে, তারা মানুষকে আনন্দ দিতে এবং তাদের অনুভব করাতে এসেছে যে এখনো কিছু একটা টিকে আছে, ফিলিস্তিনিরা এখনো এই ভূমিতে আছে।’
তবে এমন আয়োজনের ঝুঁকিও কম নয়। ইসরাইলি সামরিক অবস্থানের কাছাকাছি হওয়ায় যেকোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। আবদিনের ভাষায়, ‘ঝুঁকি অনেক। নিয়মিত গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চলছে। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের নিরাপদ রাখেন।’
খান ইউনিসের মেয়র আলা আল-দিন আল-বাত্তার চোখেও এই টুর্নামেন্টের তাৎপর্য আরো গভীর। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্য মানুষের মতো বাঁচতে চাই। এমন স্বাভাবিক জীবন চাই, যেখানে খেলাধুলা করতে পারব এবং দৈনন্দিন কাজকর্ম করতে পারব।’
গাজার ক্রীড়াঙ্গনের ক্ষয়ক্ষতির চিত্রও ভয়াবহ। অধিকাংশ স্থাপনা এখনো ব্যবহারের অনুপযোগী। ক্রীড়াসামগ্রী প্রবেশে বিধিনিষেধ ও সম্পদের অভাবে পুনর্গঠনও থমকে আছে। এমন বাস্তবতায় খান ইউনিসের বালুময় মাঠে গড়ানো প্রতিটি ম্যাচ তাই নিছক বিনোদন নয়। প্রতিটি পাস, প্রতিটি গোল আর দর্শকের প্রতিটি উল্লাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। ফুটবল সেখানে শুধু খেলা নয়, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়েরও নাম।