ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে একাধিক ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো এসব হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
তিনজন প্রত্যক্ষদর্শী শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
ইয়াসিন (ছদ্মনাম) নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আশ্রয়শিবিরটিতে পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়। এতে নিহত ১৪ জনকে সেখানে দাফন করা হয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুও রয়েছে।