হোম > বিশ্ব > আফ্রিকা

ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত লিবিয়া, নতুন সংঘাতের ঝুঁকি

আমার দেশ অনলাইন

লিবিয়ায় দীর্ঘদিনের রাজনৈতিক বিভক্তি ও ক্ষমতার লড়াই নতুন করে আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা সেই আশঙ্কাকে আরো স্পষ্ট করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার দায় স্বীকার করেছেন। ঘটনাটি শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক বিস্তার নয়, বরং লিবিয়ায় বিদেশি শক্তিগুলোর সামরিক ও রাজনৈতিক প্রভাবের প্রতিযোগিতাকেও সামনে এনেছে।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলেও লিবিয়া এখনো স্থিতিশীল রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারেনি। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, আঞ্চলিক নেতা ও রাজনৈতিক শক্তি দেশটির ভূখণ্ড, তেলসম্পদ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে রাজধানী ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে পূর্বাঞ্চলীয় শক্তিগুলোর সমর্থিত পৃথক প্রশাসন—দুই পক্ষের দ্বন্দ্বে দেশটির রাষ্ট্রীয় ঐক্য কার্যত ভেঙে পড়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ বিভিন্ন দেশের স্বার্থ। লিবিয়ার অভ্যন্তরীণ সংঘাতে এসব দেশের সামরিক ও রাজনৈতিক সম্পৃক্ততা সংকটের সমাধানকে আরো কঠিন করে তুলেছে। জাতিসংঘের মধ্যস্থতায় নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নেওয়া হলেও ক্ষমতাসীন পক্ষগুলোর স্বার্থের সংঘাত এবং বিদেশি প্রভাবের কারণে অগ্রগতি এখনো অনিশ্চিত।

বেনগাজিতে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা

গত ২২ নভেম্বর লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে ড্রোন হামলা হয়। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বন্দরে অবস্থান করছিল। লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের দাবি, রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি সেখানে নোঙর করেছিল।

প্রথমে হামলার দায় কেউ স্বীকার না করলেও ২৩ নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের বাহিনী সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে অভিযানটি চালিয়েছে। তার দাবি, হামলায় মেরকুরি ডুবে গেছে। একই অভিযানে রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ‘এমভি আঙ্গারা’ নামের একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে। একটি রুশ কা-২৭ সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেন তিনি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ প্রকাশিত ভিডিও যাচাই করে রয়টার্স জানিয়েছে, হামলার পর জাহাজগুলোতে আগুন ও ধোঁয়া দেখা যায়। ইউক্রেনের দাবি, এ অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো ওই অঞ্চলে অবস্থানরত একটি ‘মাদার শিপ’ থেকে পাঠানো হয়েছিল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ২৪ নভেম্বর হামলাকে আত্মরক্ষার অধিকার হিসেবে বর্ণনা করেন। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করে তার যুক্তি, রাশিয়ার সামরিক সক্ষমতায় সহায়তা করে—এমন যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামবাহী জাহাজ ইউক্রেনের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।

তবে লিবিয়ার দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনই নিজেদের ভূখণ্ডে এ ধরনের সামরিক অভিযান চালানোর বিরোধিতা করেছে। ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারের বক্তব্য, লিবিয়াকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অংশ করা যাবে না এবং দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো পক্ষের বিরুদ্ধে হামলা চালানো গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) হামলার ঘটনায় নিজেদের দুই সদস্যের আহত হওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, উপযুক্ত সময় ও স্থানে এর জবাব দেওয়া হবে। পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের অভিযোগ, পশ্চিম লিবিয়ায় অবস্থানরত ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞরা হামলার প্রস্তুতি ও পরিচালনায় জড়িত থাকতে পারেন। এ বিষয়ে জাতিসংঘের তদন্তও চেয়েছে তারা।

২৫ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত দুই লিবীয় নৌ কর্মকর্তা পরে মারা গেছেন। ফলে ঘটনাটি লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশি সংঘাতে দেশটির জড়িয়ে পড়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে।

জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটির সতর্কবার্তা, লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার সামর্থ্য রাখে না, এমনটি হওয়াও উচিত নয়।

গাদ্দাফির পতনের পর কেন বিভক্ত হলো লিবিয়া

২০১১ সালে আরব বসন্তের সময় গণ-অভ্যুত্থানের মুখে মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ শাসনের অবসান ঘটে। ন্যাটোর নেতৃত্বে সামরিক হস্তক্ষেপও তাঁর পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। গাদ্দাফিবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিজেদের এলাকায় ক্ষমতার কেন্দ্র গড়ে তোলে। সরকারি বাহিনীর বদলে এসব গোষ্ঠীই অনেক ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখে।

২০১৪ সালের নির্বাচনের পর রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়। রাজধানী ত্রিপোলিতে একটি রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও পূর্বাঞ্চলে আলাদা প্রশাসনিক ও সামরিক শক্তির উত্থান ঘটে। পূর্বাঞ্চলে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী প্রভাব বিস্তার করে। দেশটির রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ক্রমে সশস্ত্র সংঘাতে রূপ নেয়।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০১৫ সালে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। ২০১৯ সালে হাফতারের বাহিনী ত্রিপোলি দখলের উদ্দেশ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে হাফতারের পক্ষে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও মিসরের সমর্থন ছিল। অন্যদিকে ত্রিপোলিভিত্তিক বাহিনীকে সামরিক সহায়তা দেয় তুরস্ক।

দীর্ঘ সংঘাতের পর ২০২০ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর ধারাবাহিকতায় ২০২১ সালে জাতীয় ঐক্য সরকার গঠিত হয় এবং দেশজুড়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু প্রার্থীদের যোগ্যতা, নির্বাচনী আইন ও সাংবিধানিক কাঠামো নিয়ে বিরোধের কারণে ২০২১ সালের ডিসেম্বরে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এরপর আবারও পূর্ব ও পশ্চিমাঞ্চলে পৃথক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের ২০২৬ সালের জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর দেড় দশক পেরিয়ে গেলেও লিবিয়া স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি। দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেটওয়ার্ক, সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি পৃষ্ঠপোষকদের প্রভাব জাতীয় ঐক্যের পথে বড় বাধা হয়ে রয়েছে।

বিদেশি শক্তির স্বার্থে লিবিয়ার ভূখণ্ড

লিবিয়ার সংঘাতে বিদেশি শক্তিগুলোর ভূমিকা দীর্ঘদিনের। দেশটির পূর্বাঞ্চলে খলিফা হাফতারের বাহিনীর সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মস্কো আনুষ্ঠানিকভাবে লিবিয়ায় নিজেদের সেনা উপস্থিতি নিয়ে নানা বক্তব্য দিলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দেশটিতে রুশ ভাড়াটে যোদ্ধা ও সামরিক নেটওয়ার্কের উপস্থিতির কথা উঠে এসেছে। সাবেক ওয়াগনার গোষ্ঠীর কার্যক্রমের ধারাবাহিকতায় রাশিয়ার আফ্রিকা কর্পসও দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিবিয়ায় রাশিয়ার আগ্রহের পেছনে রয়েছে ভূমধ্যসাগরে সামরিক অবস্থান শক্তিশালী করা, উত্তর আফ্রিকায় প্রভাব বিস্তার এবং আফ্রিকার অন্যান্য অঞ্চলে কার্যক্রম পরিচালনার কৌশলগত সুবিধা। বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ইউক্রেনের হামলা এই সামরিক স্বার্থের বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।

অন্যদিকে তুরস্ক ২০১৯ সাল থেকে ত্রিপোলিভিত্তিক সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ২০২০ সালে হাফতারের বাহিনীর আক্রমণ প্রতিহত করতে তুরস্কের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটিতে তুরস্কের সামরিক উপস্থিতি এখনো রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পূর্বাঞ্চলীয় শক্তিগুলোর সঙ্গেও আঙ্কারার সম্পর্ক উন্নত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিকভাবে হাফতারের অন্যতম সমর্থক। তার বাহিনীকে অস্ত্র, ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। মিসরও পূর্বাঞ্চলীয় বাহিনীর ঘনিষ্ঠ মিত্র। সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক ইসলামবিরোধী অবস্থান তাদের এই সমর্থনের অন্যতম কারণ। তবে আমিরাত এখন ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গেও যোগাযোগ ও সম্পর্ক গড়ে তুলেছে।

ফলে লিবিয়ার সংঘাত এখন কেবল স্থানীয় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন বিদেশি শক্তি নিজেদের সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় দেশটির দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। ইউক্রেনের সাম্প্রতিক হামলা সেই জটিলতার নতুন মাত্রা যোগ করেছে।

নির্বাচনের পথে জাতিসংঘের উদ্যোগ, তবু সংশয়

লিবিয়ার রাজনৈতিক সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নতুন করে উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরব ও আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলুস দেশটির রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একীভূত করে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগে ভূমিকা রাখছেন।

বুলুসের উদ্যোগের বিস্তারিত সব প্রকাশ করা না হলেও তিনি জানিয়েছেন, পূর্ব ও পশ্চিমাঞ্চলের নেতারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একীভূত করার বিষয়ে একটি বিস্তৃত কাঠামোতে একমত হয়েছেন। ৪ নভেম্বর ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবার সঙ্গে বৈঠকেও তিনি রাজনৈতিক ঐক্য, প্রতিষ্ঠান একীভূতকরণ ও নির্বাচনের পথে অগ্রগতির বিষয়টি আলোচনা করেন।

১৪ নভেম্বর বুলুস বলেন, সামরিক, আর্থিক, বিচারিক ও নির্বাচনী প্রতিষ্ঠান একীভূত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর ভাষ্য, এ প্রক্রিয়া বাস্তবায়নে আর বিলম্বের সুযোগ নেই। রাজনৈতিক রূপান্তর বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে ৩০ আগস্ট জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশনের মধ্যস্থতায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর প্রতিনিধিরা একটি সমঝোতায় পৌঁছান। ‘স্মলার কনভেনিং’ নামে পরিচিত এই আলোচনায় ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকার, উচ্চ পরিষদ, পার্লামেন্ট এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রতিনিধিরা অংশ নেন। চুক্তিতে জাতীয় নির্বাচন কমিশনের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের সাংবিধানিক ও আইনি কাঠামোর বিরোধ নিষ্পত্তির বিষয়ে সম্মত হন তাঁরা। একক নির্বাহী কর্তৃপক্ষের অধীনে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যও নির্ধারণ করা হয়।

৮ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সমঝোতাকে স্বাগত জানায়। ৩০ অক্টোবর পরিষদ ইউএনএসএমআইএলের মেয়াদ ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ায়। একই সঙ্গে দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান একীভূত করে একক নির্বাহী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের উদ্যোগে সমর্থন জানায়।

তবে সমঝোতা বাস্তবায়ন নিয়ে সংশয় কাটেনি। আগস্টের চুক্তির পরও লিবিয়ার উচ্চ পরিষদ নির্বাচনী কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, বিদ্যমান সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতি অনুসরণ করেই এ ধরনের পরিবর্তন করতে হবে। ফলে নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারিত হলেও রাজনৈতিক ঐকমত্য এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

ক্ষমতা ভাগাভাগির সমাধান কতটা কার্যকর হবে?

লিবিয়ার সংকট সমাধানে আলোচনায় আসা আরেকটি বিষয় হলো পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি। পশ্চিমাঞ্চলে দবেইবা পরিবার এবং পূর্বাঞ্চলে হাফতার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক প্রভাব ধরে রেখেছে। বিশ্লেষকদের একটি ধারণা, এই দুই পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে নতুন ক্ষমতা কাঠামো গড়ে উঠতে পারে।

রয়টার্সের দেখা একটি প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারে আবদুল হামিদ দবেইবা প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন এবং খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান হতে পারেন। তবে এ ধরনের সমঝোতা নিয়ে সংশয় রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এতে ক্ষমতার বর্তমান কেন্দ্রগুলোই আরও শক্তিশালী হবে; সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রকৃত রাজনৈতিক পরিবর্তন বা অবাধ নির্বাচনের পথ তৈরি নাও হতে পারে।

জাতিসংঘের রাজনৈতিক রোডম্যাপে অবশ্য শুধু ক্ষমতাসীন গোষ্ঠীগুলোর সমঝোতা নয়, বরং নারী, তরুণ, নাগরিক সমাজ ও অন্যান্য জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। দেশটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য সুশাসন, নিরাপত্তা খাতের সংস্কার, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও জাতীয় পুনর্মিলনকে একসঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তেলসম্পদ ও অভিবাসন সংকটে আন্তর্জাতিক উদ্বেগ

লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব পড়ছে দেশটির তেল খাতে। আফ্রিকার অন্যতম বৃহৎ তেলসম্পদের অধিকারী লিবিয়া প্রতিদিন প্রায় ১৩ লাখ ব্যারেল পর্যন্ত তেল উৎপাদন করে। কিন্তু তেলক্ষেত্র, রপ্তানি টার্মিনাল ও অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গোষ্ঠীর বিরোধের কারণে উৎপাদন ও রপ্তানি বারবার বাধাগ্রস্ত হয়েছে।

দেশটির অধিকাংশ তেলক্ষেত্র ও রপ্তানি টার্মিনাল পূর্বাঞ্চলীয় বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায়। তবে আন্তর্জাতিক ব্যবস্থার আওতায় তেল বিক্রির অর্থ জমা হয় ত্রিপোলিভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকে। সেখান থেকে সারা দেশে সরকারি সেবা ও ব্যয় নির্বাহের জন্য অর্থ বরাদ্দ হওয়ার কথা। ফলে তেলসম্পদের নিয়ন্ত্রণ এবং রাজস্ব বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তেলক্ষেত্র ও রপ্তানি টার্মিনাল বন্ধ করে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এতে রাষ্ট্রীয় আয় কমে, সরকারি সেবা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর থেকে রাজনৈতিক সংঘাত, শ্রমিক অসন্তোষ ও সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে লিবিয়ার তেল উৎপাদন বারবার ব্যাহত হয়েছে।

দেশটির অস্থিতিশীলতার আরেকটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে অভিবাসন সংকটে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যেতে চাওয়া অভিবাসীদের জন্য লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অন্যতম প্রধান যাত্রাপথ। রাজনৈতিক বিভাজন, দুর্বল সীমান্ত নিয়ন্ত্রণ এবং সশস্ত্র গোষ্ঠীর প্রভাবের কারণে মানবপাচার ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। ফলে লিবিয়ার স্থিতিশীলতা ইউরোপীয় দেশগুলোর কাছেও গুরুত্বপূর্ণ।

নতুন সংঘাতের ঝুঁকিতে লিবিয়া

লিবিয়ার সামনে এখন একাধিক সংকট। একদিকে পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর ক্ষমতার লড়াই, অন্যদিকে তেলসম্পদের নিয়ন্ত্রণ ও রাজস্ব বণ্টন নিয়ে বিরোধ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-তুরস্কসহ বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নতুন বিস্তার।

বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা দেখিয়েছে, লিবিয়ার অভ্যন্তরীণ বিভাজন বিদেশি সংঘাতের জন্যও সুযোগ তৈরি করছে। এ ধরনের হামলা ও পাল্টা প্রতিক্রিয়া বাড়লে দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির মুখে পড়তে পারে।

জাতিসংঘের নির্বাচন আয়োজনের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক সমাধানের নতুন সুযোগ তৈরি করেছে। কিন্তু নির্বাচন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একীভূতকরণ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বাস্তব অগ্রগতি না হলে এসব উদ্যোগ কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে।

গাদ্দাফির পতনের ১৫ বছর পরও লিবিয়া স্থায়ী শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। দেশটির সংকটের সমাধান শুধু নতুন সরকার গঠনের ওপর নির্ভর করছে না; বরং বিদেশি হস্তক্ষেপ কমানো, সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণ, তেলসম্পদের ন্যায্য ব্যবস্থাপনা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ওপরও নির্ভর করছে। অন্যথায় লিবিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হিসেবেই থেকে যেতে পারে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, জাতিসংঘ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস ও যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন

রোহিঙ্গা গণহত্যার রায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলায় শক্তি বাড়বে দক্ষিণ আফ্রিকার

সুদানে ১০ মাসে ২২৩০ বেসামরিক নাগরিক নিহত

তিউনিসিয়ার কারাগারে দুই মাসে ২৩ বন্দির মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবি

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস

নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলো

সুদানে আরএসএফের হয়ে লড়তে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ঠেকাতে সব পক্ষকে সমঝোতার আহ্বান মিসরের

‘ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক আল্লাহ’Ñকাবার ভেতরে প্রবেশ করে বললেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

ইথিওপিয়ার সামরিক ঘাঁটি থেকে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ সুদানের

প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো