হোম > বিশ্ব

কেন রাশিয়া ও চীনকে যুক্তরাষ্ট্রের বন্ধু ভাবেন ট্রাম্প

সিএনএনের বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

ট্রাম্প, জিনপিং ও পুতিন। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের বন্ধু নয় রাশিয়া ও চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এসব দেশের নেতাদের বৈঠকগুলো বেশ অদ্ভুত, কারণ তিনি এসব কর্তৃত্ববাদী নেতার সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছেন না, বরং তাদের ব্যক্তিগত বন্ধু হিসেবে বিবেচনা করছেন। তাদের শাসনপদ্ধতির প্রশংসা করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা থেকেও বিরত থাকছেন।

বৃহস্পতিবার দক্ষিণ চীনে চীনা নেতা শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে, সেখানেও হয়তো এমন পরিস্থিতি দেখা দিতে পারে।

শেনঝেনে হতে যাওয়া ত্রিপক্ষীয় আলোচনার প্রতীকী তাৎপর্য অত্যন্ত স্পষ্ট। তিনটি বড় শক্তি—যার প্রত্যেকেই নিজ নিজ ভৌগোলিক অঞ্চলে আধিপত্য বিস্তারের দাবি রাখে—তারা এমন এক কর্তৃত্বের বার্তা দেবে, যেখানে ছোট ও দুর্বল দেশগুলোকে ইচ্ছাকৃতভাবেই বাইরে রাখা হয়েছে।

মার্কিন শত্রুদের সঙ্গে আলোচনা করা আর তাদের তোষামোদ করার মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। শেনঝেন সম্মেলনটি হয়তো এই দুই বিষয়ের মধ্যকার সীমারেখাকে পরীক্ষা করবে—এটি কি পরাশক্তিগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য একটি কার্যকর কূটনীতি হবে, নাকি এটি এমন এক পরিস্থিতির জন্ম দেবে যেখানে দুই কর্তৃত্ববাদী শাসক এবং নিজেকে তাদের মতো শক্তিশালী নেতা হিসেবে দেখতে চাওয়া এক মার্কিন প্রেসিডেন্ট একে অপরের সঙ্গে এক ধরনের ‘স্বৈরাচারী খেলার’ অংশীদার হয়ে উঠবেন?

শেনজেনে জিনপিং, পুতিন ও ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বরাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। তিনটি শক্তিধর দেশের নেতাদের এই সম্মেলন এশিয়া ও ইউরোপের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

ব্যক্তিগত সম্পর্ক, নাকি কূটনৈতিক কৌশল

সমালোচকদের মতে, ট্রাম্প আন্তর্জাতিক কূটনীতিতে বাস্তব অর্জনের চেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন ও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। পুতিন ও শি জিনপিংয়ের প্রশংসায় তিনি প্রায়ই মুখর থাকেন। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের প্রতি তার অসন্তোষও প্রকাশ্যে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকলেও ট্রাম্প বলেছেন, পুতিন চাইলে আরো কঠোর অবস্থান নিতে পারতেন। আবার চীনের সঙ্গে প্রযুক্তি ও গোয়েন্দা-সংশ্লিষ্ট বিতর্ক নিয়েও তিনি সম্মেলনের আগে বেইজিংকে অসন্তুষ্ট করতে চাননি।

চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের মতে, পুতিনের সঙ্গে বৈঠক তাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে শি জিনপিংয়ের প্রতি ট্রাম্পের প্রশংসাও যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি হতে পারে।

বৈঠকের সম্ভাব্য সুফল ও ঝুঁকি

তবে সব বিশ্লেষকই এ ধরনের বৈঠকের বিরোধিতা করছেন না। তাদের মতে, বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, তাইওয়ান সংকট এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মতো বিষয়ে আলোচনা উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি বক্তব্যও এ ক্ষেত্রে প্রাসঙ্গিক: শত্রুর সঙ্গে আলোচনা করা দুর্বলতার পরিচয় নয়; তবে ভয়ের কারণে আলোচনা করা উচিত নয়।

বিশ্লেষকদের একাংশ মনে করেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ব্যক্তিগত সুসম্পর্ক কোনো আকস্মিক সংকট মোকাবিলায় কার্যকর হতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা তৈরি হলে দুই নেতার সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে ট্রাম্পের প্রথম মেয়াদে জিনপিং, পুতিন ও কিমের সঙ্গে একাধিক বৈঠক হলেও বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি আসেনি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিও বন্ধ হয়নি।

দুর্বল রাজনৈতিক অবস্থান কাজে লাগাতে পারে চীন

ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তার দলের বিপর্যয়ের পর রাজনৈতিকভাবে তিনি চাপে রয়েছেন। বিপরীতে শি জিনপিং ও পুতিন দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন।

বিশ্লেষকদের আশঙ্কা, চীন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। কারণ বেইজিং জানে, ২০২৯ সালে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে।

লন্ডনের এসওএএস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাংয়ের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রযুক্তিগত বিতর্কের কারণে ট্রাম্পের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। এতে চীন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

মূলত শেনজেন সম্মেলনের সামনে দুটি বড় প্রশ্ন—যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক কি বৈশ্বিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে, নাকি চীন ও রাশিয়া এই সম্পর্ককে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে?

সূত্র: সিএনএন

আরএ

রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢালা ছিল বোকামি

মুসলিম বিশ্বের আত্মসমালোচনা করা উচিত: এরদোয়ান

হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড

গাজায় ফের ইসরাইলের স্থল অভিযান, নতুন শঙ্কায় ফিলিস্তিনিরা

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

‘এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়’—এমন দাবি কেন করছেন বিশেষজ্ঞরা

ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি মাহমুদ খলিলের মামলা

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা হবে বেশি