হোম > বিশ্ব

গাজায় ফের ইসরাইলের স্থল অভিযান, নতুন শঙ্কায় ফিলিস্তিনিরা

আলজাজিরার এক্সপ্লেইনার

আমার দেশ অনলাইন

স্ট্রলার ঠেলে নিয়ে যাচ্ছে একজন ফিলিস্তিনি বালক। ছবি: আলজাজিরা

গাজার মধ্যাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। গত বছরের যুদ্ধবিরতির আওতায় সেনা প্রত্যাহারের পর নির্ধারিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ইসরাইলের ট্যাংক ও বুলডোজার। এতে নতুন করে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। তাদের অনেকেই এর আগে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইসরাইলি সামরিক বাহিনীর ঘোষিত প্রথম বড় স্থল অভিযান। এর আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ সতর্ক করে বলেছিল, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

মধ্য গাজায় কী ঘটছে

বুধবার ইসরাইলি ট্যাংক ও বুলডোজার নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্ব দিকে এবং বুরেইজ শরণার্থীশিবিরের উত্তরে প্রধান সড়ক সালাহ আল-দিন স্ট্রিটের দিকে অগ্রসর হয়। এ সময় ব্যাপক গোলাবর্ষণ ও গুলির মুখে এলাকা ছাড়তে শুরু করেন ফিলিস্তিনিরা।

ইসরাইলি সামরিক বাহিনী সড়কটির ওই অংশ বন্ধ করে দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের দূরে থাকার নির্দেশ দিয়েছে।

আল-মুগরাকায় ইসরাইলি হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দেইর আল-বালাহ, নুসেইরাত ও গাজা সিটিতে পৃথক হামলায় নিহত হয়েছেন আরো তিনজন।

বুরেইজের ২৭ বছর বয়সী বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এটি আরো বড় অভিযানের সূচনা। আবারো বাস্তুচ্যুতি শুরু হতে পারে। আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ক্ষতই এখনো কাটিয়ে উঠতে পারিনি।’

কী বলছে ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাসের অবকাঠামো ও সেনাদের জন্য হুমকি সৃষ্টিকারী তৎপরতা নির্মূল করতে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানো হচ্ছে। তাদের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং পুনরায় শক্তি সঞ্চয় ও অস্ত্র সংগ্রহ করছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। পরিস্থিতির অবনতি হলে আরো ভূখণ্ড দখল, বাসিন্দাদের সরিয়ে দেওয়া এবং সেগুলোকে স্থায়ী নিরাপত্তাবেষ্টনীর অন্তর্ভুক্ত করার হুমকিও দিয়েছেন তিনি।

হামাসের প্রতিক্রিয়া

হামাস নতুন অভিযান ও বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। অবিলম্বে হস্তক্ষেপের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের গাজার ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনও এ অভিযানকে বৃহত্তর সামরিক আগ্রাসন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির পূর্বাভাস বলে উল্লেখ করেছে।

যুদ্ধবিরতি কতটা কার্যকর রয়েছে

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর হামলা, গোলাবর্ষণ ও বাড়িঘর ধ্বংস অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার মানুষ আহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সীমান্ত বন্ধ ও দীর্ঘ নিরাপত্তা তল্লাশির কারণে প্রায় এক লাখ তাঁবু এখনো গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভবিষ্যৎ কী

যুদ্ধবিরতির আওতায় ইসরাইলের সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতি থমকে আছে। গাজার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটিকেও কাজ শুরু করতে দেয়নি ইসরাইল। ফলে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রক্রিয়াও আটকে রয়েছে।

‘বোর্ড অব পিস’ সতর্ক করেছে, যুদ্ধবিরতি ভেঙে পড়লে গাজায় পুনর্গঠন ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার কোনো কার্যকর পথ অবশিষ্ট থাকবে না।

সব মিলিয়ে, ইসরাইলের নতুন স্থল অভিযান গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে নতুন করে প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরএ

মুসলিম বিশ্বের আত্মসমালোচনা করা উচিত: এরদোয়ান

হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজকের যাবজ্জীবন কারাদণ্ড

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

‘এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়’—এমন দাবি কেন করছেন বিশেষজ্ঞরা

ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি মাহমুদ খলিলের মামলা

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা হবে বেশি

চীনে তিন পরাশক্তির বৈঠক আজ

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাগজ-কলমে ফিরছে পাঠচর্চা