হোম > বিশ্ব

এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে ফেরাতে চান ট্রাম্প

আলজাজিরা

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে আবার দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারির জেরে পদত্যাগের এক সপ্তাহের বেশি সময় পর হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়ে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সবচেয়ে মেধাবী ব্যক্তিদের একজন তিনি। তিনি আর কোথায় যাবেন? আমি চাই, জেনসেনকে দ্বিতীয় সুযোগ দেওয়া হোক।’

ট্রাম্প হুয়াংকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন। তবে তার ভাষায়, হুয়াং কিছু ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই, জেনসেন বড় ধরনের ক্ষমা প্রার্থনা করুন এবং আবার ফিরে আসুন। কারণ, তিনি ব্ল্যাকওয়েল তৈরি করেছেন।’ এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপের নাম ব্ল্যাকওয়েল।

গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নারী চীনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত চিপ পাঠানোর কাজে সহায়তা করে থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আগেই ওই নারীর সম্ভাব্য গুপ্তচরবৃত্তির সম্পর্কের বিষয়ে জানতেন বলে দাবি করা হয়েছে।

এরপর হুয়াংয়ের আরো দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে চীনের প্রতিরক্ষা শিল্পের ব্যাপক সম্পর্ক রয়েছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনায় হুয়াংয়ের প্রসঙ্গ উঠেছিল কি না, তা নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শুক্রবার এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, চলতি সপ্তাহে শেনজেনে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে জেনসেন হুয়াংয়ের প্রসঙ্গ আসেনি।

তবে ট্রাম্প দাবি করেন, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট সির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেছিলেন, “ওহ, অসাধারণ, অসাধারণ! তিনি একজন অসাধারণ মানুষ।”’

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের আপত্তি

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেনসেন হুয়াং আবার এনভিডিয়ায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবারই কোম্পানির আয়সংক্রান্ত এক কনফারেন্স কলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস বলেন, পরিচালকেরা সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই।

এই কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের নামও জড়িয়েছে। রিপাবলিকান সিনেটর ও আরকানসাসের প্রতিনিধি টম কটন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনে পাচারের বিষয়ে কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগেই লুটনিককে বারবার সতর্ক করা হয়েছিল। তবে তিনি বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি।

লুটনিকের প্রতি নিজের সমর্থন অবশ্য বহাল রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তার ওপর আস্থা হারাইনি।’ লুটনিককে ‘ভিন্ন ধরনের একজন মানুষ’ এবং ‘খুব ভালো ব্যবসায়ী’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা লুটনিকের ভূমিকা নিয়ে তদন্ত করছেন। তাদের তদন্তের বিষয় হলো, এনভিডিয়ার সঙ্গে একটি চীনা কোম্পানির সম্পর্ক নিয়ে নজরদারির কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়া থেকে নিজের ছেলেদের পরিচালিত প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডকে রক্ষা করতে লুটনিক তার সরকারি পদ ব্যবহার করেছিলেন কি না।

এএম

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

একের পর এক হামলা, ২৪ ঘণ্টায় ৮ বার সতর্কতা জারি সৌদির

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

কপের খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের প্রসঙ্গ বাদ পড়ায় বিতর্ক

সৌদির আকাশসীমা ‘রণক্ষেত্রে’ পরিণত করার হুমকি হুথিদের

লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষী প্রত্যাহার নিয়ে প্রশ্ন ভ্যাটিকানের

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র