বিচারের অপেক্ষায় ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ে সময় কাটাচ্ছেন। সাক্ষাৎ করছেন বিভিন্ন ধর্মের ধর্মযাজকদের সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন একজন ইহুদি রাব্বিও। কারাগারে থাকার সময় তার ওজনও কমেছে।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করার পর থেকে তিনি নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। সেখানে অবসর সময়ের বড় একটি অংশ তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে ব্যয় করছেন।
মাদুরোর কারাজীবন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত ছয় ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারাগারে থাকাকালে আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি মাদুরোর আগ্রহ আরো বেড়েছে। কারা কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তারা প্রকাশ্যে কথা বলতে চাননি।
কারাগারে মাদুরো বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদর মধ্যে রয়েছেন একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বি।
মাদুরো দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী। তিনি প্রকাশ্যেও নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছেন। মাদুরোর দাবি, তার পূর্বপুরুষেরা ছিলেন সেফার্দি ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ অঞ্চল থেকে ভেনেজুয়েলায় অভিবাসন করেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, আটকের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহের কথা জানা যায়নি।
মাদুরো যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটিতে ব্যাপক খাদ্যসংকট দেখা দেয়। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতে গিয়ে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে মাদুরোর আইনজীবী দল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রেসিডেন্ট থাকাকালে ভেনেজুয়েলার দ্রুত সম্প্রসারিত ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতে উদ্যোগী ছিলেন মাদুরো। নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
আরএ