পারমাণবিক অস্ত্রের ছায়ায় বিশ্ব আট দশকের বেশি সময় ধরে বসবাস করছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন পরিস্থিতির মধ্যে না পড়ে, সে জন্য বিশ্বকে পারমাণবিক অস্ত্র থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস এ আহ্বান জানান। তিনি বলেন, হুমকির বদলে সংলাপ, অস্ত্র প্রতিযোগিতার বদলে অস্ত্র নিয়ন্ত্রণ এবং অচলাবস্থার বদলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পারমাণবিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ বেছে নেওয়ার আহ্বানও জানান তিনি।
গুতেরেসের এই বক্তব্যে কোনো নির্দিষ্ট সংঘাত বা দেশের কথা উল্লেখ করা হয়নি।
২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেন গুতেরেস। তার প্রায় এক দশকের মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে এখনো তার উত্তরসূরি নির্ধারণ করা হয়নি।
এএম