হোম > বিশ্ব

হিটলারের জন্মবাড়ি এখন থানা

আমার দেশ অনলাইন

ছবি: এপি

অনাকাঙ্ক্ষিত নাৎসিবন্দনা ও নব্য নাৎসি পর্যটকদের আনাগোনা বন্ধ করতে অ্যাডলফ হিটলারের জন্মস্থানে অবশেষে একটি পুলিশ স্টেশন চালু করেছে অস্ট্রিয়া।

হিটলারের জন্মভিটা ঘিরে তৈরি হওয়া কুখ্যাত অতীত ও বিষাক্ত ঐতিহ্য ‘প্রশমিত’ করতেই বছরজুড়ে চলা নানা বিতর্কের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন শহরের কেন্দ্রস্থলের একটি ভাড়া বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন হিটলার। জীবনের শুরুর কয়েক সপ্তাহ তিনি সেখানে অতিবাহিত করেন। সম্প্রতি বাড়িটিতে পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী ইউনিটের কার্যালয় চালু করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এলাকাটি জার্মানি সীমান্তের কাছে হওয়ায় এটি মাদকের অন্যতম প্রধান রুট। এখন থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি থাকায় অবৈধ নাৎসি প্রদর্শন বন্ধ করা সম্ভব হবে।

প্রায় ২ কোটি ইউরো ব্যয়ে বাড়িটি সংস্কার করা হয়েছে। সংস্কারের পর ভবনের ইট-পাথরের ধ্বংসাবশেষও একটি গোপন স্থানে সতর্কতার সঙ্গে ফেলা হয়েছে, যাতে হিটলার অনুসারীরা সেগুলো সংগ্রহ করে কোনো স্মৃতিচিহ্ন বানাতে না পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার একে একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই ভবন এখন থেকে গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তার প্রতীকে পরিণত হলো। তবে অতীত বা ইতিহাস হারিয়ে যাবে না।’

অতীতের নানা বিতর্কিত ঘটনার কারণে স্থানীয় বাসিন্দারা বাড়িটিকে ‘অশুভ গৃহ’ বলে ডাকতেন। চরমপন্থিরা প্রায়ই হিটলারের জন্মদিনে ভবনের সামনে ফুল দিয়ে সেলফি তুলত এবং হাত উঁচিয়ে নাৎসি কায়দায় অভিবাদন জানাত।

বিশেষজ্ঞ কমিটি ভবনটি ভেঙে ফেলার বিপক্ষে মতামত দিয়েছিল। তাদের মতে, এটি ভেঙে ফেললে অস্ট্রিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে যাবে। অন্যদিকে, এটিকে জাদুঘর বানালে নাৎসি অনুসারীদের জন্য আরো বড় তীর্থস্থানে পরিণত হতে পারে। তাই প্রশাসনিক বা সামাজিক উদ্দেশ্যে এটি ব্যবহারের সুপারিশ করা হয়।

জনমত জরিপেও অস্ট্রিয়ার অধিকাংশ মানুষ এটিকে রাজনৈতিক শিক্ষাকেন্দ্র বা প্রশাসনিক কাজের জন্য ব্যবহারের পক্ষে মত দিয়েছিলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনীতির সমীকরণ

সতেরো শতকে নির্মিত এই ভবনে আগে একটি ইন ও বিয়ার তৈরির কারখানা ছিল, যার ওপরের তলার একটি কক্ষে হিটলারের পরিবার অল্প সময়ের জন্য ভাড়া থাকত। ২০১১ সাল পর্যন্ত ভবনটি একটি প্রতিবন্ধী যত্ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এরপর থেকে এটি খালি পড়ে ছিল। সম্প্রতি গুগলে অসাধু হ্যাকাররা স্থানটির ঠিকানা বদলে ‘৮৮’ লিখে দেয়, যা নব্য-নাৎসীদের সংকেত ভাষায় ‘হেইল হিটলার’ বোঝায়।

জার্মানির মিউনিখে হিটলারের ব্যবহৃত ব্যক্তিগত অ্যাপার্টমেন্টও ১৯৪০-এর দশক থেকে পুলিশ স্টেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

উল্লেখ্য, ১৯৩৮ সালে হিটলার অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক নাৎসিদের গঠিত সুদূর-ডানপন্থি 'ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়া' (এফপিও) সাম্প্রতিক নির্বাচনে জয় পেলেও অন্য মূলধারার দলগুলোর বিরোধিতায় ক্ষমতায় আসতে পারেনি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হিটলারের জন্মস্থানকে বিতর্ক মুক্ত রাখতে অস্ট্রিয়া সরকার এই নতুন উদ্যোগ বাস্তবায়ন করল।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র