ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দক্ষিণ-পশ্চিমের শহর দেজফুলে স্মরণ অনুষ্ঠানে এ কথা জানান।
বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুসারে রেজাই বলেন, ইরানের সাম্প্রতিক সংঘাত বিশ্বব্যাপী দেশটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেন, দেশটির প্রতিরোধক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ‘জুয়াড়ি ট্রাম্প’ এখন তেহরানের সঙ্গে আলোচনা করতে ভয় পাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন নীতিনির্ধারণে ইসরাইলের প্রভাব ক্রমশ বেড়েছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ‘জায়নিস্ট শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে।
রেজায়ির এ মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (১২ জুন) বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে। এর মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথও সুগম করবে।
সূত্র: আনাদোলু
আরএ