ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন কো-পাইলট। উদ্দেশ্য ছিল উড়োজাহাজটি বিধ্বস্ত করা বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম প্রসিকিউটর জেনারেল হামাদ সাইফ আল শামসির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। আল শামসি বলেন, ঘটনার সব পরিস্থিতি, এর উদ্দেশ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি কারিগরি পরীক্ষা এবং বিভিন্ন শারীরিক ও ডিজিটাল আলামত পরীক্ষা করা হচ্ছে।
প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে তদন্তের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
কুড়াল ককপিটে রাখা একটি জরুরি সরঞ্জাম। দুর্ঘটনার সময় উড়োজাহাজের ভেতর থেকে বের হওয়ার জন্য এটি দিয়ে প্রয়োজন হলে বিভিন্ন অংশ কেটে ফেলা যায়।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি। এতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ফ্লাইট চলাকালে নাম প্রকাশ না করা এক সহকারী পাইলট ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে আহত করেন। ওই সময় সাহায্য চাইতে ককপিটের দরজা খুলেছিলেন মচ্ছর।
হামলার পর উড়োজাহাজটি প্রায় ১৭ হাজার ফুট বা ৫ হাজার ১৮০ মিটার নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। এরপর নতুন করে দায়িত্ব নেওয়া দ্বিতীয় জোড়া পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণে নেন।
পরে ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সৌদি কর্তৃপক্ষ সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পরে সৌদি কর্তৃপক্ষ তাকে সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করে। আহত পাইলট মচ্ছরকেও সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেন, সহকারী পাইলট কারো নির্দেশে এ ঘটনা ঘটিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে ইসরাইল। এ ঘটনায় জড়িতদের ‘ভারী মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ঘটনার পর ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করে দেয় ফ্লাইদুবাই। ইসরাইলের এল আলও তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করে। এতে সংযুক্ত আরব আমিরাতে কিছু ইসরাইলি আটকা পড়েন।
শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১০টায় প্রথম প্রত্যাবাসন ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছায়। ইসরাইলি এয়ারলাইন আর্কিয়া ওই ফ্লাইটটি পরিচালনা করে। ফ্লাইটটি দুবাই থেকে যাত্রীদের নিয়ে তেল আবিবে যায়।
এএম