ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি। তবে কোনো আগ্রাসী পক্ষের চাপ বা শর্ত মেনে যুদ্ধের সমাপ্তি ঘটাতেও রাজি নয় তেহরান।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগ্রাসীদের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই। নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরান প্রতিরোধমূলক অবস্থান নিয়েছে। তাই যুদ্ধ কীভাবে শেষ হবে, তা আগ্রাসী পক্ষের শর্তে নির্ধারিত হতে দেওয়া হবে না।
হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবির বিষয়ে বাঘাই বলেন, এ ধরনের বক্তব্য মূলত প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক ও গণমাধ্যমনির্ভর প্রচারণার অংশ। বাস্তব পরিস্থিতি তাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফর প্রসঙ্গে ইরানের এই মুখপাত্র বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত করতে ইরান ও পাকিস্তান উভয়েই আগ্রহী।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ নিয়েও কথা বলেন বাঘাই। তিনি বলেন, ইরানের জনগণের পাশে থাকার কথা বলা যুক্তরাষ্ট্রই এখন দেশটির জনগণকে চাপ ও শাস্তির মুখে ফেলতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ইরান প্রয়োজনীয় সতর্কবার্তাও দিয়েছে।
এ ছাড়া ইরানের সমুদ্রপথ অবরোধকে তিনি সরাসরি আগ্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বাঘাই বলেন, এ ধরনের পরিস্থিতিতে ইরানের হাত বাঁধা নেই এবং এর পরিণতি ভালো হবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: মেহের নিউজ
এআরবি